কলকাতা

পুলিশের সঙ্গে তুলকালাম ধস্তাধস্তি, খুলে নিয়ে গেল পুরসভা! উত্তাপ তুঙ্গে ক্যামাক স্ট্রিটে

অভিযানের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পুরকর্মীদের ছাদে যেতে বাধা দেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

Truth of Bengal: ক্যামাক স্ট্রিটে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের অবৈধ বিলবোর্ড খোলা কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার (KMC) বিজ্ঞাপন বিভাগের আধিকারিকেরা যৌথ অভিযান চালালে অভিষেক ও তাঁর অনুগামীদের সঙ্গে তীব্র বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের দাবি, বিলবোর্ডটি অবৈধ ভাবে লাগানো হয়েছিল। কিন্তু অভিযোগ উড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি স্পষ্ট জানান, ক্যামাক স্ট্রিটের অসংখ্য ফুটপাত ও দোকানে বেআইনি বোর্ড থাকলেও কেবল তাঁর দফতরকেই নিশানা করা হয়েছে। পুলিশি পদক্ষেপকে “গুন্ডাগিরি” আখ্যা দিয়ে বেআইনি আচরণের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুমকি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিযানের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পুরকর্মীদের ছাদে যেতে বাধা দেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। ছাদের রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন অভিষেকের অনুগামীরা, যার মধ্যে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। অতিরিক্ত পুলিশ বাহিনী হেলমেট পরে ভিতরে ঢুকে জোরপূর্বক উপরে ওঠার চেষ্টা করলে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় এবং সিঁড়িতে পড়ে যান ডেরেক। পুলিশের বিরুদ্ধে মহিলাদের হেনস্থা ও জোর করে তালা ভাঙার অভিযোগ তোলে তৃণমূল। শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতেই ছাদের তালা ভেঙে বিতর্কিত বিলবোর্ডটি খুলে নিচে নামিয়ে আনার উদ্যোগ শুরু হয়। ঘটনার জেরে ক্যামাক স্ট্রিট চত্বরে পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলে চরম রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে।

Related Articles