কলকাতা

পরিবারের বিবাদ এবার থানায়! অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন, করলেন এফআইআরের আবেদন

ভয় দেখানো, হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ তুলেছেন তিনি

Truth of Bengal: পারিবারিক বিবাদ এবার সরাসরি পৌঁছে গেল থানার দরজায়। ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে কালীঘাট থানায় হাজির হলেন কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। ভয় দেখানো, হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ তুলেছেন তিনি। বিশেষ করে একটি রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবুন। তাঁর দাবি, রাজ্যে তৃণমূলের শাসনকালে যে হুমকির সংস্কৃতি তৈরি হয়েছিল, তা এখনও বন্ধ হয়নি।

বৃহস্পতিবার কালীঘাট থানায় গিয়ে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানান বাবুন। থানায় যাওয়ার আগে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই নানা ধরনের বাধা ও হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁকে। বাবুনের কথায়, “তৃণমূল জমানায় অনেক কিছু হয়েছে। ২০২৪ সাল থেকে এখনও চলছে। সরকারি কাজে বাধা, ক্লাব দখল, ভয় দেখানো—কত বলব! অনেক কিছু সহ্য করেছি।” যদিও তাঁর এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। অতীতে প্রকাশ্যেই নিজের ভাইকে ত্যাজ্য করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। তারপর থেকে দু’জনের সম্পর্কের দূরত্ব আরও বেড়েছে। এবার সেই পারিবারিক বিবাদ নতুন করে রাজনৈতিক ও আইনি মাত্রা পেল।

অন্যদিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বাবুন বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ক্রমশ প্রকাশ্যে এসেছে। নিজের এলাকার পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো থেকে শুরু করে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম—একাধিক ঘটনায় সেই সম্পর্কের ছবি সামনে এসেছে। বিভিন্ন সময়ে শুভেন্দুর প্রশংসাও করেছেন বাবুন।

Related Articles