কলকাতা

হাইকোর্টে ফের স্বস্তি অভিষেকের! রক্ষাকবচের মেয়াদ বাড়াল উচ্চ আদালত

তদন্তে সহযোগিতা না করলেই আদালতের দ্বারস্থ হতে পারবে রাজ্য! হাইকোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমার পর অভিষেকের মামলায় নতুন মোড়

Truth of Bengal: রাজ্যের তিনটি থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আপাতত বড়সড় স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেকের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে। এর ফলে ওই নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও রকম কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাশাপাশি, তাঁর ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় যে তদন্ত চলছে, সেই মামলাতেও আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য, কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পৃথক এফআইআর দায়ের হয়েছিল। এর আগে গত ২৫ অগস্ট এই তিনটি মামলায় সাংসদকে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, যার মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সোমবার ফের রক্ষাকবচের সময়সীমা বাড়াল হাইকোর্ট। এদিনের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয় যে, মামলাগুলির তদন্ত প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি এবং আদালতের কাছে প্রাথমিক তদন্ত রিপোর্টও জমা দেওয়া হয়। একই সঙ্গে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির বিষয়ে রাজ্যের তরফে তীব্র আপত্তি জানানো হলেও আদালত তা গ্রাহ্য করেনি।

তবে রক্ষাকবচ বজায় রাখলেও বেশ কিছু কড়া শর্তের কথাও স্মরণ করিয়ে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের পূর্বের নির্দেশ অনুযায়ী, তিনটি এফআইআর-এর ওপর রক্ষাকবচ থাকলেও তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তের স্বার্থে পুলিশ বা তদন্তকারী সংস্থা তলব করলে তাঁকে হাজিরা দিতে হবে, তবে সেক্ষেত্রে হাজিরার অন্তত ৪৮ ঘণ্টা আগে সাংসদকে নোটিস দিয়ে জানাতে হবে। যদি অভিষেক তদন্তে অসহযোগিতা করেন, তবে রাজ্য সরকার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের পরাজয়ের পর থেকেই আইনি জটিলতায় জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিবিধ অভিযোগে রাজ্যের বিভিন্ন থানায় মোট ১৬টি এফআইআর রুজু হয়েছে। পুলিশের দায়ের করা সেই সমস্ত এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

Related Articles