‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশের পরদিনই উত্তেজনা! সন্দীপন সাহার বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ
এদিন এন্টালি এলাকায় ব্যাপক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গেরুয়া শিবির
Truth of Bengal: রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের রেশ কাটতে না কাটতেই এবার খোদ কলকাতার বুকে এক নজিরবিহীন রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো। বিধানসভায় ‘নতুন তৃণমূল’ বা তৃণমূলের বিদ্রোহী শিবিরের আত্মপ্রকাশ এবং বিরোধী দলের মর্যাদা পাওয়ার ঠিক পরদিনই দলের ডেপুটি লিডার তথা বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে আছড়ে পড়ল বিজেপির বিক্ষোভ। বিধায়ক সন্দীপন সাহা ও তাঁর বাবা তথা প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ ও তোলাবাজির অভিযোগ তুলে এদিন এন্টালি এলাকায় ব্যাপক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে দলের কর্মী-সমর্থকদের একটি বিশাল মিছিল এন্টালির দিকে রওনা দেয়। মিছিলের অগ্রভাগে ছিল সন্দীপন সাহা এবং স্বর্ণকমল সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সংবলিত পোস্টার ও ব্যানার।
বিক্ষোভকারীরা মিছিল করে সরাসরি তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পৌঁছে যান এবং সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি চরম আকার ধারণ করে যখন বিক্ষোভের মাঝেই এক বিজেপি কর্মীকে প্রকাশ্য রাস্তায় সন্দীপন সাহার ছবিতে জুতো মারতে দেখা যায়। বিধায়কের বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা, যা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, এই বিক্ষোভের প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল তার ঠিক আগের দিনই। বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী শিবির আনুষ্ঠানিকভাবে প্রধান বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে। স্পিকারের তরফে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। আর এই নতুন শিবিরেরই ডেপুটি লিডার পদের দায়িত্ব পেয়েছেন সন্দীপন সাহা।
তৃণমূলের পরিষদীয় দলে যে বিধায়কেরা প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে ঋতব্রত ও সন্দীপনের নামই সবার আগে উঠে এসেছিল। যার জেরে মূল দল থেকে তাঁদের বহিষ্কারও করা হয়। তবে বহিষ্কৃত হলেও, ৫৮ জন তৃণমূল বিধায়কের লিখিত সমর্থনের জেরে শেষপর্যন্ত বিধানসভায় বিরোধী দলের মর্যাদা ছিনিয়ে নিতে সফল হয় এই বিদ্রোহী গোষ্ঠী। এই রাজনৈতিক উত্থানের পরদিনই সন্দীপনকে টার্গেট করে ময়দানে নামল বিজেপি। ছেলের ছবি জুতোপেটা এবং বাড়ির সামনে এই ধরণের বিক্ষোভ প্রদর্শনকে অবশ্য রাজনৈতিক নাটক বলেই উড়িয়ে দিয়েছেন সন্দীপন সাহার পিতা তথা প্রবীণ রাজনীতিক স্বর্ণকমল সাহা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে তীব্র কটাক্ষ করে স্বর্ণকমল সাহা বলেন: “নির্বাচনে শোচনীয় হারের পর এখন চরম রাজনৈতিক হতাশায় ভুগছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আর সেই হতাশা ঢাকা দিতেই এখন রাস্তাঘাটে এই সব নাটক করে বেড়ানো হচ্ছে। এসব করে আমাদের ওপর কোনও চাপ তৈরি করা যাবে না।”



