কলকাতা

জন্মদিন পার্টির অছিলায় পাশবিক নির্যাতন, হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

এই গণধর্ষণ কাণ্ডে আর এক অভিযুক্ত চন্দনের বন্ধুকে খুঁজছে পুলিশ।

Truth Of Bengal: জন্মদিনের পার্টির আড়ালে নিন্দনীয় ঘটনা। বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন! এই ঘটনায় মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত অর্থাৎ নির্যাতিতার বন্ধু। ধৃত চন্দন মল্লিককে গভীর রাতে বর্ধমান স্টেশন চত্বর থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। এই গণধর্ষণ কাণ্ডে আর এক অভিযুক্ত চন্দনের বন্ধুকে খুঁজছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর বয়স মাত্র ২০ বছর। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ চন্দন মল্লিক তাঁকে প্রলোভন দেখিয়ে হরিদেবপুরের মালঞ্চা এলাকায় তার এক বন্ধু দীপ ওরফে দেবাংশু বিশ্বাসের বাড়িতে নিয়ে যায়। সেখানেই চলছিল জন্মদিনের পার্টি। কিন্তু সেই পার্টির আড়ালেই ঘটে যায় নৃশংস ঘটনা। অভিযোগ, সেখানে বন্ধু চন্দন মল্লিক ও তার সহযোগী মিলে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে এবং শারীরিক নির্যাতন চালায়।

পরের দিন, অর্থাৎ শনিবার সকাল প্রায় সাড়ে দশটার সময়, নির্যাতিতা কোনওরকমে ওই বাড়ি থেকে পালাতে সক্ষম হন। ঘটনার পরেই তিনি হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর বয়ানের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হয়। অবশেষে মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন থেকে মূল অভিযুক্ত চন্দন মল্লিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অন্য অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি জারি রয়েছে।

Related Articles