কালীপুজোর আগের রাতেই প্রচুর পরিমানে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ধৃত এক মহিলা
গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশের এসওজি ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের ওমরপুরে অভিযান চালায়
Truth Of Bengal: জঙ্গিপুর পুলিশ জেলার বড় সাফল্য। কালীপুজোর আগের রাতেই জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আন্তঃরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রের হদিশ পায়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ Green Crackers: ২ ঘণ্টার বেশি বাজি ফাটলেই কড়া শাস্তি! কালীপুজোয় কখন এবং কোন বাজি পোড়ানো যাবে?
রবিবার সন্ধ্যায় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জানান, ধৃতের নাম সাধনা হালদার (৬৫)। লালগোলা থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পুলিশের এসওজি ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের ওমরপুরে অভিযান চালায়। সেই সময় এক বৃদ্ধা মহিলাকে দেখে সন্দেহ হয় তাঁদের। তাঁকে আটক করা হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তারপরই মহিলার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র (সেমি অটোমেটিক ৭এমএম), ৫টি খালি ম্যাগাজিন ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়। তারপর সাধনা হালদার নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এছাড়া মহিলার কাছে থাকা একটি লাভা মোবাইল উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মোটা টাকার বিনিময়ে উক্ত বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি চোরাচালানের জন্য নিয়ে আসছিল মহিলা। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ষাটোর্দ্ধ মহিলা একা এই ঘটনার সঙ্গে জড়িত নন।
পুলিশ এখনও অভিযান চালাচ্ছে। ঘটনার মূল চক্রীদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান। ধৃতকে আজ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে বলে জানা যায়। বিপুল পরিমাণ এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল তার তদন্ত শুরু করেছে জঙ্গীপুর জেলা পুলিশ।






