দেশ

রামলীলা ময়দানের ভিড় দেখাতে কংগ্রেসের এআই ছবি! রাহুলকে তীব্র কটাক্ষ কিরেণ রিজিজুর

১০ লক্ষ মানুষের জমায়েত নাকি ৪০ শতাংশ ফাঁকা আসন? বিরোধীদের মহাসমাবেশের ছবি ঘিরে তুলকালাম!

Truth of Bengal: বিরোধীদের মেগা সমাবেশে অন্তত ১০ লক্ষ মানুষের সমাগম হবে বলে আগেই বড়সড় দাবি করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতৃত্ব। তবে রবিবার দিল্লির ঐতিহ্যবাহী রামলীলা ময়দানে বাস্তবে ঠিক কত মানুষের ভিড় হয়েছিল, তা নিয়ে বিরোধীদের দাবির সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের স্পষ্ট দাবি, মাঠে প্রত্যাশিত ভিড়ের ছিটেফোঁটাও ছিল না। এই টানাপোড়েনের মাঝেই এবার সুর চড়িয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর দাবি, রামলীলা ময়দানে জনসমুদ্র দেখানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে তৈরি সম্পূর্ণ ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে কংগ্রেস।

রবিবার দিল্লির সমাবেশ শেষ হওয়ার পরেই একাধিক প্রবীণ কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় রামলীলা ময়দানের এক জনাকীর্ণ ছবি পোস্ট করেন। সেই ছবিতে অগুণতি মানুষের মাথা দেখা গেলেও, নিখুঁতভাবে নজর করতেই ধরা পড়ে এক মারাত্মক গোলমাল। রবিবারের মূল জনসভায় মূল মঞ্চটির ওপর বিশেষ ছাউনি ছিল এবং পাশে আরও একটি দ্বিতীয় মঞ্চ রাখা হয়েছিল। কিন্তু কংগ্রেসের পোস্ট করা বিতর্কিত ছবিতে কোনও ছাউনি বা দ্বিতীয় মঞ্চের অস্তিত্বই ছিল না! এই অসঙ্গতি সামনে আসতেই আক্রমণ শানান কিরেণ রিজিজু। তিনি কটাক্ষ করে বলেন, “রামলীলা ময়দানের অবাস্তব ভিড় প্রমাণের জন্য কংগ্রেস এআই দিয়ে ছবি তৈরি করেছে। কিন্তু আফসোস, ভুয়ো খবর ছড়ানোতে ওস্তাদ কংগ্রেস দলটা ছবিটাও অন্তত সঠিকভাবে বানাতে পারল না!”

এর আগে বিতর্কিত সমাবেশ থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংবিধানের সার্বভৌমত্ব স্মরণ করিয়ে দিয়ে রাহুল বলেন, “আমরা অহিংস নীতিতে বিশ্বাস করি। নরেন্দ্র মোদি বা অমিত শাহ আমাদের ব্যক্তিগত শত্রু নন। কিন্তু মাথায় রাখতে হবে, ক্ষমতাশালী হলেও সংবিধানের ওপরে কেউ নন।” তথাকথিত ‘ভোটচুরি’র প্রসঙ্গ তুলে রাহুল হুংকার দেন, “ইস্তফা তো দিতেই হবে, এমনকি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও জেলে যেতে হবে।”

রাহুলের এই চরম হুঁশিয়ারির জবাব দিতে দেরি করেনি বিজেপি। দলের বর্ষীয়ান সাংসদ সম্বিত পাত্র বিরোধীদের এই সম্মেলনকে “সম্পূর্ণ সময় নষ্ট” বলে অভিহিত করেন। সমাবেশস্থলের সিসিটিভি ও ড্রোন ফুটেজ তুলে ধরে সম্বিত দাবি করেন, কংগ্রেস ১০ লক্ষ ভিড়ের লম্বা চওড়া কথা বললেও রামলীলা ময়দানের প্রায় ৪০ শতাংশ আসনই ফাঁকা পড়েছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, মাঠে নিজেদের সেই ফাঁকা আসন ও কম ভিড়ের অস্বস্তি ঢাকতেই তড়িঘড়ি এআই-জেনারেটেড ছবি পোস্ট করার ভুল পথ বেছে নিয়েছিল হাত শিবির।

Related Articles