‘কৌশলগত অংশীদারিত্ব’ বাড়ানোর প্রস্তাব মোদির, ট্রাম্পের মিশন-২৫ বাড়াবে দুদেশের বন্ধুত্ব
US President overwhelmed by Modi's greetings, Trump may visit India in 2025

Truth Of Bengal: বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশ আমেরিকা। আর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। দুদেশের সম্পর্ক কী এবার মজবুত হবে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতিতে। কারণ এশিয়া মহাদেশে অন্যতম শক্তিধর দেশ হিসেবে ভারত দ্রুত উঠে আসছে। বিশেষ করে শিল্প-বাণিজ্যও অর্থনীতিতে ভারতের উজ্বল সম্ভাবনা রয়েছে। খোলাবাজার অর্থনীতিতে এদেশের বৃহত্তর বাজারের বড় কদর রয়েছে।
একথা মাথায় রেখে মার্কিন প্রশাসন বরাবরই ভারতের সঙ্গে সখ্য সম্পর্ক বাড়াতে চায়। উন্নয়নশীল দেশ হিসেবে ভারতের গণতান্ত্রিক আবহ, শান্তি, নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য দিল্লির গুরুত্ব বেড়েছে ওয়াশিংটনের কাছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর সেই বন্ধুত্বের বাঁধন আরও শক্ত হবে বলে আশা করা হচ্ছে। বুধবার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান নরেন্দ্রে মোদি। তিনি লক্ষ্যণীয়ভাবে প্রস্তাব দিয়েছেন,ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর। এখন সেই প্রস্তাবে আমেরিকা রাজি বলে আভাস মিলছে। বিশেষতঃ চিনের মতো দখলদার রাষ্ট্রকে ঠেকাতে ও সন্ত্রাস দমন করতে ভারতই বিশ্বাসযোগ্য বলে অভিমত ট্রাম্প প্রশাসনের।
এই অবস্থায় মোদির প্রস্তাবে সাড়া দিয়ে আগামী বছর ভারতে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প।মার্কিন প্রশাসন এই বিষয়টি চূড়ান্ত না করলেও তেমনটাই আভাস মিলছে। ২০২৫-এ ভারতে আয়োজিত হবে কোয়াডের শীর্ষ সম্মেলন। কোয়াড হল চার দেশের বিশেষ গোষ্ঠী। এই কৌশলগত এই মঞ্চে রয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র,অষ্ট্রেলিয়া ও জাপান। গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ওই সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু কিছু সমস্যার জন্য তা দিল্লিতে না হয়ে নিউ ইয়র্কে হয়।
যেহেতু আগামীবছর ভারত এই কোয়াডের সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সূত্রের খবর, সেই কোয়াড সম্মেলনে ট্রাম্পই আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। তবে আগামী বছরের ঠিক কোন সময়ে কোয়াড সম্মেলন হবে, তার দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। সবকিছু ঠিক থাকলে এই কোয়াড সম্মেলনে মোদি –ট্রাম্পের আলোচনার সম্ভাবনা রয়েছে। তাতে দুদেশের সম্পর্কের বোঝাপড়া আরও বাড়বে বলে আশা কূটনৈতিক মহলের।






