রণক্ষেত্র বাঘাইছড়ি, আঞ্চলিক দলের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে প্রাণ গেল এক ব্যক্তির
Ranakshetra Baghaichhari, a person was shot dead in a clash between villagers and the regional party

The Truth Of Bengal: রণক্ষেত্রের চেহারা নিল এবার বাঘাইছড়ি। আঞ্চলিক দল ও গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাঘাইহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম মো. নাঈম (৩৫)।
তিনি শান্তি পরিবহনের চালকের সহকারী। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে। ঘটনাস্থলের পাশেই বাসস্টেশন। গাড়ি নিয়ে সেখানে তিনি অবস্থান করছিলেন, হঠাৎ তাঁর বুকে গুলি লাগে। তিনি সংঘর্ষের কোনো দল বা গ্রামবাসীর সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে, পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে জনসংহতি সমিতি-এমএন লারমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের ৩০ থেকে ৪০ জনের একটি দল অবস্থান করছে। গত কয়েক দিন বাজার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা ও সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
আর এই খবর ছড়িয়ে পড়লে আজ সকালে শত শত গ্রামবাসী জড়ো হয়ে বাঘাইহাট বাজারে এসে অবস্থান নেন। পরে জনসংহতি সমিতি-এমএন লারমা ও ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের সদস্যদের খুঁজতে থাকেন। প্রথমে বাঘাইহাট বাজারে রাঙ্গুনিয়া আবাসিক হোটেলে হামলা করেন গ্রামবাসী। পরে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া দল দুটির সদস্যদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়। এ সময় বুকে গুলিবিদ্ধ হয়ে শান্তি পরিবহনের চালকের সহকারী মো. নাঈম মাটিতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।






