নয়া রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, শীর্ষ পদে কারা থাকছেন?
New political party debuts, who will be in top positions?

Truth Of Bengal: বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হচ্ছে শুক্রবার। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজেনস পার্টি – এনসিপি)।
শুক্রবার বিকেল ৩টে নাগাদ রাজধানী ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বড় জমায়েত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। সমমনোভাবাপন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন রাজনৈতিক দলের নাম এবং সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেলে ঢাকার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলের শীর্ষ সাতটি পদে নেতাদের নাম চূড়ান্ত করা হয়।
নতুন দলের আহ্বায়ক হবেন নাহিদ ইসলাম, যিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা। সাধারণ সচিব পদে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত নেতারা হলেন:
প্রধান সমন্বয়কারী: নাসিরুদ্দিন পাটওয়ারি
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: সামান্থা শারমিন
যুগ্ম সমন্বয়কারী: আবদুল হান্নান মাসউদ
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লা
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম
দফতর সম্পাদক: সালেহউদ্দিন সিফাত
নাসিরুদ্দিন বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, আর সারজিস আলম ও সালেহউদ্দিন সিফাত জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও সহ-মুখপাত্র হিসেবে আছেন।
বাংলাদেশের প্রাক্তন শাসকদল বিএনপি আগেই দাবি করেছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। অনেকেই মনে করছেন, নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এই নতুন দলের নেপথ্যে ইউনূসের ভূমিকা থাকতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে ইউনূসের সম্পৃক্ততার কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুক্রবারের জমায়েত এবং আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ‘জাতীয় নাগরিক পার্টি’ কী বার্তা দেয়, তা এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।






