Israel Missile Attack: ট্রাম্পের সতর্কবার্তার পরেই তেহরানে বিস্ফোরণ, চড়ছে যুদ্ধের পারদ
সোমবার গভীর রাতে উত্তর-পূর্ব তেহরানের অন্তত তিনটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল।
Truth of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘তেহরান ত্যাগ’-এর আহ্বানের পরপরই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী। ইরানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে উত্তর-পূর্ব তেহরানের অন্তত তিনটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল (Israel Missile Attack)।
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই হামলার জেরে আরও ঘনীভূত হয়েছে সংঘাতের আশঙ্কা। এরই মধ্যে কানাডায় চলা জি৭ শীর্ষ সম্মেলন থেকেও উঠে এসেছে শান্তির বার্তা। ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির বিদেশমন্ত্রী ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে যোগাযোগ করে সংঘাতে নিয়ন্ত্রণ আনার অনুরোধ জানান। একইসঙ্গে তাঁরা আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনায় বসার অনুরোধও করেন।
আরও পড়ুন: বসিরহাটে তৃণমূল কর্মীকে খুন! তদন্তে পুলিশ
রয়টার্সকে উদ্ধৃত করে ফরাসি কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই ফোনালাপে ইরানের তরফে জানানো হয়েছে, আপাতত আলোচনার পরিবেশ অনুকূল নয়, তেহরান মূলত ইজরায়েলের ‘আগ্রাসন’-এর মোকাবিলার উপরই জোর দেবে। ইরানের সরকারি সংবাদ সংস্থার দাবি, বিদেশমন্ত্রী আরাকচি বলেছেন, “ইরান কখনওই আলোচনার পথ ছাড়েনি। কিন্তু এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার—ইজরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া (Israel Missile Attack)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
অন্যদিকে, জি৭ সম্মেলনের এক দিন আগেই ওয়াশিংটন ফিরে যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্রের দাবি, ট্রাম্প ঘনিষ্ঠ আধিকারিকদের পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যে, তেহরান লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইজরায়েল। ইরান যদিও এখনও সরাসরি যুদ্ধে নামেনি, তবে কূটনৈতিক মহলের মতে, পরিস্থিতি যে কোন মুহূর্তে বড় সংঘাতে রূপ নিতে পারে।






