রাজ্যের খবর

করিমপুরে ফিরল ‘মাস্টার বিট্টু’র স্মৃতি!সোহম ভোটপ্রচারে বেরোতেই হরলিক্সের প্যাকেট নিয়ে আজব আবদার মহিলার

কাঠফাটা রোদ উপেক্ষা করে যখন সোহম জনসংযোগ সারছেন, তখনই এক মহিলা অনুরাগী থালায় করে হরলিক্সের পাউচ নিয়ে তাঁর সামনে হাজির হন।

Truth Of Bengal: “একটু হরলিক্স দাও না মা, চেটে চেটে খাব”— কয়েক দশক আগে ‘ছোটবউ’ সিনেমায় শিশুশিল্পী মাস্টার বিট্টুর সেই কালজয়ী সংলাপ আজও বাঙালির স্মৃতিতে অমলিন। সেই ছোট্ট বিট্টু আজ তৃণমূলের তারকা নেতা সোহম চক্রবর্তী, যিনি চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক হওয়ার পর এবার ছাব্বিশের নির্বাচনে করিমপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে লড়ছেন। প্রথম দফার ভোট মিটে যাওয়ার পর এখন লক্ষ্য দ্বিতীয় দফা, আর সেই নির্বাচনের প্রচারের ময়দানেই এক অদ্ভুত অথচ মিষ্টি ঘটনার সাক্ষী থাকল নদিয়ার করিমপুর।

কাঠফাটা রোদ উপেক্ষা করে যখন সোহম জনসংযোগ সারছেন, তখনই এক মহিলা অনুরাগী থালায় করে হরলিক্সের পাউচ নিয়ে তাঁর সামনে হাজির হন। ছোটবেলার সেই প্রিয় অভিনেতাকে সামনে পেয়ে তাঁর আবদার ছিল একটাই— প্রচারের মাঝেই সোহমকে খেতে হবে হরলিক্স।

এই অভাবনীয় অনুরোধে তারকা প্রার্থী কিছুটা বিব্রত বোধ করলেও বিন্দুমাত্র বিরক্ত হননি। বরং অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে তিনি হেসেই উত্তর দেন, পাশে দাঁড়িয়ে থাকা ছোট শিশুদের যেন সেই হরলিক্স দেওয়া হয়। সোহমের এই সহজিয়া আচরণে মুহূর্তে এলাকায় হাততালির ঝড় ওঠে। কয়েক দশক আগের সেই পর্দার সংলাপ যে আজও মানুষের মনে কতটা গভীর দাগ কেটে আছে, করিমপুরের রাজপথে এই ভাইরাল মুহূর্তটিই তার প্রমাণ দিল। ভোটের উত্তপ্ত আবহে এই ‘হরলিক্স নস্ট্যালজিয়া’ রাজনৈতিক আলোচনার বাইরেও সাধারণ মানুষের মধ্যে এক বিশেষ আবেগ ও চর্চার জন্ম দিয়েছে।

Related Articles