রাজ্যের খবর

সন্তোষপুরে ১৬ বিঘা বস্তিতে বিধ্বংসী আগুন! শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচল স্তব্ধ

ট্রেন পরিষেবা শিকেয়! ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায় বজবজ শাখায় রেল চলাচল বন্ধ, নাজেহাল যাত্রীরা

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর ও আক্রা স্টেশনের মাঝামাঝি এলাকায় ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে লাগা এই আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০টি ঝুপড়ি। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রেললাইনের ধারের ঝুপড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে ওভারহেড তারে। এর ফলে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে।

দুপুর দেড়টা নাগাদ প্রথম আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং বস্তিতে দাহ্য বস্তু মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও বেশ কয়েকটি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। তবে এলাকা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় দমকল কর্মীদের ভেতরে ঢুকতে বেগ পেতে হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই বিধ্বংসী আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডের জেরে ওভারহেড তার ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বজবজ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। সপ্তাহের শেষ দিনে এই বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শিবরাম মাজি জানিয়েছেন, পরিস্থিতির গুরুত্ব বুঝে রেলের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয়েছে। ওভারহেড তার মেরামত করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related Articles