“বাসে করে ভাড়াটে লোক ঢোকাচ্ছে ভবানীপুরে”, বিজেপির হাটে হাঁড়ি ভাঙলেন মমতা
“গণনার দিন ঝাল লাগবে তোমার, তখন লুচির মতো ফুলবে!”, ঝালমুড়ি নিয়ে বিরোধীদের ধুয়ে দিলেন মমতা
Truth of Bengal: বিরোধীদের ‘ঝালমুড়ি’ রাজনীতি থেকে শুরু করে বাইরে থেকে লোক আনা, একাধিক ইস্যুতে নাম না করে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের ভিড় জমানোর প্রচেষ্টাকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, ভোটে লড়ার মতো লোক নেই বিরোধীদের, তাই ভাড়া করা লোক দিয়ে বাস ভরিয়ে আনা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি, ওদের লোক নেই। ট্রেনে-বাসে করে লোক ঢুকেছিল। ভবানীপুরেও কাল বাস ঢুকেছিল। আমরা ভাল করে মিষ্টি খাইয়েছি। বলেছি আবার খাওয়াব। যা যা চায়, তাই খাওয়াব।” বিরোধীদের এই ‘বহিরাগত’ তত্ত্বে বিঁধিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, স্থানীয় স্তরে বিরোধীদের জনভিত্তি তলানিতে ঠেকেছে।
অন্যদিকে, সম্প্রতি এক বিরোধী নেতার দোকানে গিয়ে ঝালমুড়ি খাওয়া এবং সেই কেন্দ্রিক কটাক্ষের জবাব দিতেও ছাড়েননি তিনি। তৃণমূল নেত্রীর দাবি, ওই পুরো ঘটনাটিই ছিল পূর্বপরিকল্পিত এবং সাজানো। তিনি তীব্র কটাক্ষ করে বলেন, “ক’দিন আগে ঝালমুড়ি খেয়েছেন। বলছেন, আমি ঝালমুড়ি খেয়েছি, তৃণমূলের ঝাল লেগেছে। আরে আমাদের কেন ঝাল লাগবে? যে দোকানে গেছো, সেখানে আগে গিয়ে ক্যামেরা ফিট করে এসেছো। স্পন্টেনিয়াস হলে ক্যামেরা ফিট করা থাকত না।”
এখানেই থেমে না থেকে গণনার দিনটির কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “ঝাল লাগেনি আমাদের। কাউন্টিংয়ের সময় ঝাল তো লাগবে তোমার। তখন জ্বলবে আর লুচির মতো ফুলবে।” অর্থাৎ, ভোটের বাক্সে যখন ফলাফল বেরোবে, তখনই বিরোধীরা আসল ‘ঝাল’ টের পাবেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন মমতা।






