আন্তর্জাতিক

সতর্কবার্তা ট্রাম্পের! সমঝোতা না হলে ফের ইরানের ওপর শুরু হবে বোমাবর্ষণ

আগামী বুধবার শেষ হচ্ছে দু’সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা।

পাকিস্তানে ইরান-আমেরিকা বৈঠকের দ্বিতীয় দফার প্রস্তুতি শুরু হলেও, সেই আলোচনা ব্যর্থ হলে ফের সামরিক পদক্ষেপের পথে হাঁটতে পারে আমেরিকা— এমনই স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার শেষ হচ্ছে দু’সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা। তার আগেই ইরানকে সতর্ক করে ট্রাম্প জানিয়ে দিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হলে ফের শুরু হতে পারে বোমাবর্ষণ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমাদের কাছে কয়েকটি ভাল খবর আছে। আশা করি পশ্চিম এশিয়ায় ইরান সম্পর্কেও আরও ভাল খবর আসবে। এখন কী ঘটে সেটাই দেখার। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আলোচনার ফল অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জানি না আগামী সপ্তাহে সমঝোতা হবে কি না। তবে যুদ্ধবিরতির সময়সীমা না বাড়ানোর মুডেও থাকতে পারি। সে ক্ষেত্রে আবার অবরোধের কাজ শুরু হবে। সঙ্গে চলবে বোমাবর্ষণও। একদিকে যুদ্ধ শেষ হলে হোয়াইট হাউসে ‘পার্টি’ দেওয়ার কথা বললেও, অন্যদিকে কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানান, সময়ের মধ্যে সমঝোতা না হলে আমেরিকার পরবর্তী পদক্ষেপ হবে কঠোর।

এদিকে হরমুজ প্রণালী ঘিরে ইরানের সম্ভাব্য অবরোধ পরিকল্পনাকেও কার্যত উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। যদিও এর আগে ট্রুথ সোশ্যালে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সুর বদলে তিনি বলেছিলেন, যতক্ষণ না ইরানের সঙ্গে ১০০ শতাংশ সমঝোতা হচ্ছে, হরমুজ প্রণালীকে আমেরিকাও অবরুদ্ধ করে রাখবে। ট্রাম্প আরও জানান, ২১ এপ্রিল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, শুক্রবার ইরান ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালী সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত খুব বেশি জাহাজ ওই জলপথ পেরোতে পারেনি। জানা যাচ্ছে, হরমুজের মুখে এসেও অনেক জাহাজ ফিরে গিয়েছে।

 

 

Related Articles