আন্তর্জাতিক

“India-China relations: মোদি-জিনপিং বৈঠকের পরেই এল সুখবর! LAC-তে শান্তি ফেরাতে ‘গভীরতাপূর্ণ’ আলোচনা সারল ভারত ও চিন

চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পক্ষ থেকেই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।

Truth of Bengal: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন সফরের পর থেকেই বেজিং-নয়াদিল্লি সম্পর্কের এক নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। কূটনৈতিক সম্পর্কের এই উন্নতির আবহে এবার নজর দেওয়া হয়েছে সীমান্তে শান্তি ফিরিয়ে আনার ওপর। এ বিষয়ে দুই পক্ষই সক্রিয় উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC)-এর পশ্চিমাঞ্চলে শান্তি বজায় রাখার লক্ষ্যে ভারত ও চিন কমান্ডার পর্যায়ে আরও এক দফা আলোচনা করেছে। বেজিং সূত্রে খবর, এই আলোচনা ছিল অত্যন্ত ‘অ্যাক্টিভ এবং ইন-ডেপথ’ বা গভীরতাপূর্ণ। ভারত-চিন সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা গেছে (“India-China relations)।

চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পক্ষ থেকেই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ২৫ অক্টোবর একটি নির্ধারিত স্থানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ সামরিক এবং কূটনৈতিক—উভয় চ্যানেলের মাধ্যমেই নিয়মিত যোগাযোগ এবং আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। উল্লেখ্য, এই বছর দুই দেশের সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে, যা লক্ষণীয়। এর আগে জুলাই মাসে, দুই প্রতিবেশী দেশ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মুখোমুখি হয়েছিল। সেই সময়ও বেজিংয়ের পক্ষ থেকে এই আলোচনাকে ইতিবাচক বলে ব্যাখ্যা করা হয়েছিল। চিনের বিদেশ মন্ত্রক আশা প্রকাশ করেছিল যে, চলতি বছরের শেষে আরও এক রাউন্ড আলোচনা হবে। যদিও চিনের বিদেশ মন্ত্রক সাম্প্রতিক বৈঠকের ইতিবাচক রিপোর্ট সরকারিভাবে প্রকাশ করলেও, নয়াদিল্লির সাউথ ব্লক এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পেশ করেনি।

প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিলে চিনা সেনার বিরুদ্ধে LAC পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল। ওই বছরের ১৫ জুন গলওয়ানে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-চিন সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছিল (“India-China relations)।

Related Articles