আন্তর্জাতিকদেশ

India China Direct Flights: আকাশপথে কাটছে দীর্ঘ ৫ বছরের জট! দিল্লি-সাংহাই রুটে প্রতিদিন চলবে চিনা বিমান

ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি থেকে এই রুটে সপ্তাহে তিনটির বদলে প্রতিদিন বিরতিহীন বিমান চলাচল করবে।

Truth of Bengal: ভারত ও চিনের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সুদৃঢ় হতে চলেছে। চিন ইস্টার্ন এয়ারলাইন্স দিল্লি ও সাংহাই রুটে তাদের বিমান পরিষেবা বাড়ানোর ঘোষণা করেছে। ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি থেকে এই রুটে সপ্তাহে তিনটির বদলে প্রতিদিন বিরতিহীন বিমান চলাচল করবে।

দিল্লির পাশাপাশি মুম্বাই ও সাংহাইয়ের মধ্যেও খুব দ্রুত সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে এই বিমান সংস্থাটি। এ ছাড়া কলকাতা ও কুনমিং রুটে ফের বিমান চলাচল শুরু করার বিষয়টিও তাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রক দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছে। ভারতের পক্ষ থেকে ইন্ডিগো প্রথম এই পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে। এয়ার ইন্ডিয়াও আগামী ১ ফেব্রুয়ারি থেকে দিল্লি-সাংহাই রুটে সপ্তাহে চারটি করে বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

শীতকালীন সূচি অনুযায়ী, চিন ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ ৫৬৪ বিমানটি রাত ৭টা ৫৫ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে পরদিন ভোর ৪টে ১০ মিনিটে সাংহাই পৌঁছাবে। ফিরতি পথে এমইউ ৫৬৩ বিমানটি দুপুর ১২টা ৫০ মিনিটে সাংহাই থেকে ছেড়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে দিল্লিতে নামবে। করোনা মহামারী এবং গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের জেরে ২০২০ সাল থেকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল। দীর্ঘ এই সময়ে ব্যবসায়ী ও পর্যটকদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে দীর্ঘ পথ অতিক্রম করে যাতায়াত করতে হতো।

বর্তমানে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়ায় দুই দেশই পুনরায় বিমান পরিষেবা স্বাভাবিক করার পথে হাঁটছে। গত কয়েক মাসে কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু করা এবং আকাশপথে যোগাযোগ ফেরানোর মতো বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরাসরি এই বিমান পরিষেবা শুরু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন শিল্পে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles