১০০ দিনের কাজের বকেয়া মেটাতে উদ্যোগ সরকারের! টাকা দেওয়ার আগে হবে কড়া যাচাই
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের গাইডলাইন মেনে ২০২৪-২৫ অর্থবর্ষ এবং তার আগের বকেয়া খতিয়ে দেখা হবে।
Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একাধিকবার ১০০ দিনের কাজের বকেয়া মেটানোর দাবি উঠলেও, খরচের হিসাব না দেওয়ায় কেন্দ্রের তরফে সেই অর্থ আটকে রাখা হয়েছিল। রাজ্যে পালাবদলের পর এবার বকেয়া মেটানোর উদ্যোগ শুরু করল নতুন বিজেপি সরকার। তবে টাকা দেওয়ার আগে সমস্ত সরকারি নথি ও তথ্যপ্রমাণ যাচাই করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
গত ২৯ অক্টোবর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশিকায় সমস্ত জেলাশাসককে পুনর্যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের গাইডলাইন মেনে ২০২৪-২৫ অর্থবর্ষ এবং তার আগের বকেয়া খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় ডেটাবেসে নাম থাকলেই কাউকে সরাসরি প্রাপক হিসেবে গণ্য করা হবে না। বাস্তবে কতটা কাজ হয়েছে, খরচের সঠিক হিসাব রয়েছে কি না, টাকা অন্য খাতে সরানো হয়েছিল কি না এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রযুক্তিগত অনুমোদন ছিল কি না, সবটাই যাচাই করা হবে।
এই প্রক্রিয়ায় ব্লক, জেলা ও রাজ্য—এই তিন স্তরে যাচাই হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ব্লক পর্যায়ের যাচাই, ৩০ নভেম্বরের মধ্যে জেলা স্তরের রিপোর্ট এবং ১৫ ডিসেম্বরের মধ্যে রাজ্যস্তরের যাচাই শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়ার হিসাব কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই যোগ্য জব কার্ডধারীদের বকেয়া মজুরি মেটানো হতে পারে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগে রাজ্যের কোষাগার থেকে প্রায় ২,৭০০ কোটি টাকা খরচ করে ৩০ লক্ষ জব কার্ডধারীর মজুরি মিটিয়ে দেওয়ার দাবি করেছিল। এবার সেই বকেয়া নিয়েই সক্রিয় শুভেন্দু অধিকারীর সরকার।






