দেশ

ভারত-চিন সম্পর্কের বরফ গলছে! শুরু কলকাতা ও নয়াদিল্লি থেকে চিনগামী বিমান পরিষেবা

এর আগে ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝৌ রুটেও পরিষেবা শুরু করার কথা জানিয়েছে তারা।

Truth Of Bengal: ভারত ও চিনের সম্পর্কের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। প্রায় পাঁচ বছর পর ফের দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে চলেছে ইন্ডিগো। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকেই নয়াদিল্লি-চিনের গুয়াংঝৌ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হবে। এর আগে ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝৌ রুটেও পরিষেবা শুরু করার কথা জানিয়েছে তারা।

ইন্ডিগোর নতুন পরিকল্পনায় শুধু চিন নয়, নয়াদিল্লি থেকে ভিয়েতনামের হ্যানয় পর্যন্তও সরাসরি বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরিষেবা শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। চিনা কনসুলেট জানিয়েছে, এই সিদ্ধান্ত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করবে।

প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড অতিমারীর সময় বন্ধ হয়ে গিয়েছিল ভারত-চিনের বিমান পরিষেবা, কৈলাস-মানস সরোবর যাত্রা ও ভিসা প্রদান। পরবর্তীতে গালওয়ান সংঘাতের পর সম্পর্কের অবনতি ঘটে। তবে চলতি বছর পরিস্থিতির উন্নতি ঘটেছে। ফের শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা, ভারত ঘোষণা করেছে চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা প্রদানের বিষয়ও।

এই প্রেক্ষিতে নয়াদিল্লি ও কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। যদিও এখনও দেশের অন্য বিমানবন্দর থেকে চিনগামী উড়ান চালুর পরিকল্পনা নেই।

Related Articles