কলকাতা

বাংলায় ফের SIR-এর দাবি শমীকের, মমতার বক্তব্যকে সমর্থন করে তৃণমূলকে নিশানা বিজেপি সভাপতির

“যে পদ্ধতিতে এসআইআর হয়েছে বাংলায়, সেই পদ্ধতিতে এসআইআর হওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করছি।”

Truth of Bengal: বাংলায় বিধানসভা ভোটের আগে হওয়া এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ফের রাজনৈতিক তরজা তুঙ্গে। এই প্রক্রিয়ায় রাজ্যে ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ বিরোধীদের। এসআইআর-এর পদ্ধতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দিল্লির সমাবেশ থেকেও নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এবার বাংলায় এসআইআর নিয়ে মমতার বক্তব্যকে সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তবে একইসঙ্গে রাজ্যে ফের এসআইআর করার দাবিও তুললেন তিনি। শমীক ভট্টাচার্যের বক্তব্য, বাংলায় যে পদ্ধতিতে এসআইআর হয়েছে, তা সঠিক নয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “যে পদ্ধতিতে এসআইআর হয়েছে বাংলায়, সেই পদ্ধতিতে এসআইআর হওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করছি।”

এরপরই এসআইআর চলাকালীন রাজ্যের বিভিন্ন ঘটনার উল্লেখ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, কোথাও বিডিওদের উপর হামলা হয়েছে, কোথাও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি থেকে কাগজপত্র বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এক অঙ্গনওয়াড়ি কর্মীকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া, আশাকর্মীর স্বামীকে গুলি করা, বিডিও অফিসে আগুন লাগানো এবং বিজেপি কর্মীদের মারধরের মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। শমীকের আরও অভিযোগ, এসআইআর-এর সময় ইচ্ছাকৃতভাবে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নাম ভুলভাবে সিস্টেমে আপলোড করা হয়েছে। রাজপথ অবরোধ করে রান্না করার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এই সমস্ত ঘটনার জন্য রাজ্যের শাসকদলকে দায়ী করে বিজেপি সভাপতি বলেন, বাংলায় এসআইআর সম্পূর্ণ হয়নি।

এদিন রাজ্যে আরও একবার এসআইআর করার দাবি জানিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “আরেকবার যদি এসআইআর হয় তাহলে কমপক্ষে আরও ৩০ লক্ষ মানুষের নাম বাদ যাবে।” তাঁর দাবি, বাংলার মানুষের দাবি মেনে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত। পাশাপাশি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি। শমীকের বক্তব্য, বাংলায় জ্ঞানেশ কুমার ‘হিরো ওরশিপ’ পাচ্ছেন। তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা উচিত বলেও মন্তব্য করেন বিজেপি সভাপতি। অন্যদিকে, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো সিপিএম নেতৃত্বকেও আক্রমণ করতে ছাড়েননি শমীক। বাম দলকে কটাক্ষ করে তিনি বলেন, “মুজফফর আহমেদ, হরেকৃষ্ণ কোঙার, প্রমোদ দাশগুপ্তের পার্টি। এই পার্টির অনেক দিন আগেই অন্তর্জলী যাত্রা হয়ে গিয়েছে, যেদিন নবান্নে গিয়ে তাঁরা ফিসফ্রাই খেয়ে এসেছিলেন।”

এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শমীক ভট্টাচার্যের বক্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একদিকে তৃণমূলের অভিযোগ, ভুল পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে। অন্যদিকে বিজেপি সভাপতির দাবি, বাংলায় ফের এসআইআর হলে আরও বহু নাম বাদ পড়বে। ফলে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।

Related Articles