Gaza Peace: যুদ্ধবিরতির আশায় বিশ্ব! ট্রাম্পের শান্তি প্রস্তাবে অবশেষে রাজি হামাস
সেই পদক্ষেপকেই স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Truth of Bengal: গাজায় যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে শান্তি ফেরানোর প্রচেষ্টায় নড়েচড়ে বসেছে বিশ্ব। সেই উদ্যোগের নেতৃত্বে এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ২০ দফা প্রস্তাব মেনে নিয়ে আলোচনার টেবিলে ফিরতে রাজি হয়েছে প্যালেস্তাইনি সংগঠন হামাস। আর সেই পদক্ষেপকেই স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করে মোদি লিখেছেন, ‘ গাজায় শান্তি ফেরানোর প্রচেষ্টায় যে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাই। বন্দিদের মুক্তির ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির লক্ষ্যে ভারতের দৃঢ় সমর্থন ভবিষ্যতেও থাকবে (Gaza Peace)।‘
প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি ও শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনা ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচিত হয়েছে। ইজরায়েল এই প্রস্তাবে সম্মতি জানালেও, শুরুতে নীরব ছিল হামাস। পরে ট্রাম্পের কঠোর সতর্কবার্তার পর হামাস জানায়, তারা পরিকল্পনার বেশ কয়েকটি দফা মেনে নিচ্ছে। বন্দিদের মুক্তি এবং আলোচনায় অংশ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংগঠনটি।হামাসের বিবৃতির পর ট্রাম্প ইজরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। তাঁর আশা, এই ২০ দফা পরিকল্পনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে। বন্দি বিনিময় ও অস্ত্রবিরতির রূপরেখা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি (Gaza Peace)।
উল্লেখ্য, আমেরিকার কুর্সিতে দ্বিতীয়বার বসার পর থেকেই একের পর এক সংঘাত থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, গত কয়েক মাসে অন্তত সাতটি যুদ্ধ থামিয়েছেন তিনি। এমনকি, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষের অবসান ঘটাতেও তাঁর ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি— যদিও ভারত সেই দাবি মানেনি। এই প্রেক্ষিতে গাজায় শান্তি ফেরানোয় ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতার সম্পর্ক অতীতে যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, পশ্চিম এশিয়ার শান্তি প্রক্রিয়ায় এবার নতুন করে মিলল বোঝাপড়ার ইঙ্গিত।দু’বছরেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর ট্রাম্প-মোদির উদ্যোগে অবশেষে কি ফিরবে গাজায় শান্তি? আন্তর্জাতিক মহল আপাতত আশাবাদী (Gaza Peace)।






