আন্তর্জাতিক

খামেনেইর বিরুদ্ধে মুখ খুলে বিপাকে জেলেনস্কি! তেহরান-কিভ কূটনৈতিক সংঘাত তুঙ্গে

তিনি অভিযোগ করেছেন, ইউক্রেন পশ্চিমা শক্তিগুলোকে ব্যবহার করছে এবং আমেরিকা ও ইউরোপের করদাতাদের টাকাকে নিজেদের দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেটে ঢোকাচ্ছে।

Truth Of Bengal: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই তাঁর দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার অভিযোগ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই মন্তব্যকে কেন্দ্র করে এবার তেহরান পাল্টা আক্রমণ করেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জেলেনস্কিকে ‘বিভ্রান্ত বিদূষক’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইউক্রেন পশ্চিমা শক্তিগুলোকে ব্যবহার করছে এবং আমেরিকা ও ইউরোপের করদাতাদের টাকাকে নিজেদের দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেটে ঢোকাচ্ছে।

আরাঘচি আরও বলেন, তেহরান জানে কীভাবে নিজের দেশকে রক্ষা করতে হয়, অন্যদের হাতে-পাতা বাঁধিয়ে নয়। তিনি জেলেনস্কি ও তাঁর মতো লোকদের বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করেন এবং বলেন, এই বিশ্ব ইতিমধ্যেই তাদের মতো বিভ্রান্ত মানুষকে অনেক সহ্য করেছে।

প্রসঙ্গত, ইরান সরকারবিরোধী আন্দোলন কঠোর হাতে দমনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সরকার উৎখাতের ডাকও দিয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন রণতরী পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে, যা যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। ইরান ইতিমধ্যে জানিয়েছে, যদি মার্কিন হামলা হয়, তারা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

অন্যদিকে, ইউক্রেনকে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হয়। রাশিয়ার সঙ্গে বিবাদে কিভকে সহায়তা করছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে জেলেনস্কির মন্তব্য ও তেহরানের পাল্টা প্রতিক্রিয়া নতুন করে উত্তেজনা তৈরি করেছে আন্তর্জাতিক মঞ্চে।