Metro Ranking: মেট্রো র্যাঙ্কিংয়ে ভারত কত নম্বরে? জাপান-কোরিয়াকেও পিছনে ফেলেছে
দেশভিত্তিক মেট্রো রেলের দূরত্বের তালিকায়, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের অধিকারী। বিশ্বের দীর্ঘতম মেট্রো নেটওয়ার্কের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে চিন।
Truth of Bengal: আধুনিক শহুরে জীবনে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে পৌঁছানোর সহজতম মাধ্যম হলো মেট্রো রেল। কলকাতার মানুষ মেট্রোর গুরুত্ব হাড়ে হাড়ে বোঝেন। কিন্তু বিশ্বের মেট্রো নেটওয়ার্কের নিরিখে ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে, তা জানলে বিস্মিত হতে হয়। দেশভিত্তিক মেট্রো রেলের দূরত্বের তালিকায়, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের অধিকারী। বিশ্বের দীর্ঘতম মেট্রো নেটওয়ার্কের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে চিন। দেশটিতে মোট ৪৭টি শহরে মেট্রো পরিষেবা চালু রয়েছে এবং এর মোট দৈর্ঘ্য ১০,৮০১ কিলোমিটার। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা, যেখানে মেট্রো লাইনের দৈর্ঘ্য প্রায় ১,৩৮৯ কিলোমিটার।
চিন এবং আমেরিকার ঠিক পরেই রয়েছে আমাদের দেশ ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হিসেবে ভারতে মোট ১,০৩৫ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন রয়েছে। ভারতের এই বিপুল মেট্রো লাইনের মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৩৫৩ কিলোমিটার মেট্রো লাইন রয়েছে রাজধানী দিল্লিতেই। প্রসঙ্গত, পৃথিবীর প্রথম মেট্রো চালু হয়েছিল ১৮৬৩ সালে লন্ডনে, আর তার ঠিক ১২১ বছর পর ১৯৮৪ সালে কলকাতায় ভারতের প্রথম মেট্রো চলাচল শুরু করে। বর্তমানে আমাদের প্রিয় কলকাতায় মোট ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন রয়েছে।
ভারতের পরেই এই তালিকায় রয়েছে এশিয়ার আরও দুটি দেশ। চতুর্থ স্থানে থাকা জাপানে রয়েছে প্রায় ৯০০ কিলোমিটার মেট্রো লাইন। এরপর ৭৬০ কিলোমিটার মেট্রো লাইন নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তালিকার ষষ্ঠ স্থানে থাকা রাশিয়ায় মেট্রো লাইনের মোট দৈর্ঘ্য ৭৩০ কিলোমিটার। আজকের দিনে মেট্রো একটি শহরের উন্নয়ন ও অগ্রগতির মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। একদিকে যেমন পৃথিবীর পুরোনো মেট্রো ব্যবস্থাগুলিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত উন্নয়ন ঘটানো হচ্ছে, তেমনই দ্রুত গতিতে তৈরি করা হচ্ছে নতুন মেট্রো লাইন। এইভাবেই যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমে ক্রমশ এগিয়ে চলেছে আমাদের পৃথিবী।






