আমেরিকায় অপমৃত্যু! ৬ দিন নিখোঁজ থাকার পর আইআইটি প্রাক্তনী সাকেতের দেহ উদ্ধার
সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস সাকেতের মৃত্যুর খবর নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Truth Of Bengal: আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন আরও এক ভারতীয় মেধাবী ছাত্র। ৬ দিন নিখোঁজ থাকার পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সাকেত শ্রীনিবাসাইয়ার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৯ ফেব্রুয়ারি বার্কলে এলাকার লেক আনজারের কাছ থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। সাকেতকে খুঁজে পেতে মার্কিন পুলিশ চিরুনি তল্লাশি চালালেও শেষ পর্যন্ত উদ্ধার হয় তাঁর দেহ। সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস সাকেতের মৃত্যুর খবর নিশ্চিত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রশাসনিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
আইআইটি-মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়া সাকেত ২০২৫ সালে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন আমেরিকায়। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম সামনে আনেন তাঁর রুমমেট বনিত সিং, যিনি সাকেতকে খুঁজে পেতে সামাজিক মাধ্যমে আবেগঘন আবেদন জানিয়েছিলেন। সাকেতের এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।
সাকেতের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পুলিশ দেহটি উদ্ধার করলেও মৃত্যুর নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র বা অপরাধমূলক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের ওপর একের পর এক হামলার ঘটনা বা রহস্যজনক মৃত্যুর আবহে সাকেতের এই ঘটনা প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।






