তামাকবিহীন প্রজন্ম গড়ার উদ্যোগ: মলদ্বীপের ঐতিহাসিক আইন কার্যকর
Truth Of Bengal: যুবসমাজকে তামাকের আসক্তি থেকে দূরে রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল মলদ্বীপ সরকার। নতুন নিয়ম অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্মগ্রহণ করা কেউই ধূমপান করতে পারবেন না— প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও নয়। ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই আইন, যা বিশ্বের প্রথম ধূমপান-নিষিদ্ধ প্রজন্ম তৈরির উদ্যোগ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।মলদ্বীপের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে এই উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। চলতি বছরের শুরুতেই তিনি এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন, আর নভেম্বর থেকেই তা কার্যকর হয়েছে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য থাকবে এই নিয়ম।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টি কেনিয়ায়, বিপর্যয়ে নিহত ২১
নতুন নিয়মে বলা হয়েছে, ২০০৭ সালের জানুয়ারি মাস বা তার পরে জন্ম নেওয়া কোনও ব্যক্তি মলদ্বীপে তামাকজাত দ্রব্য কিনতে, সেবন করতে বা বিক্রি করতে পারবেন না। তাঁদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রিও করা যাবে না। অর্থাৎ, ভবিষ্যতে প্রাপ্তবয়স্ক হলেও সেই প্রজন্মের কারও ধূমপান করার অধিকার থাকবে না।তামাকজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রেও কঠোর শর্ত জারি করেছে সরকার। বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে গ্রাহকের বয়স যাচাই করতে হবে। এই আইন দেশীয় নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে মলদ্বীপের স্বাস্থ্য মন্ত্রক।একই সঙ্গে, দেশটিতে বৈদ্যুতিক সিগারেট (ই-সিগারেট) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, এর আমদানি, বিক্রয়, ব্যবহার বা সঙ্গে রাখা— কোনওটিই অনুমোদিত নয়। সব বয়সের নাগরিকের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর থাকবে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আইন ভাঙলে রয়েছে কড়া শাস্তির বিধান। প্রাপ্তবয়স্ক হওয়ার বয়সের নিচে থাকা কাউকে তামাকজাত দ্রব্য বিক্রি করলে বিক্রেতাকে দিতে হবে ৩,২০০ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা। ইলেকট্রনিক সিগারেট বিক্রি করলে জরিমানা ৩২০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা।বিশ্বে এর আগে নিউজিল্যান্ডও এমন একটি আইন চালু করেছিল, কিন্তু ২০২৩ সালে সেটি প্রত্যাহার করা হয়। ব্রিটেনেও বর্তমানে একই রকম প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞার প্রস্তাব আলোচনায় আছে, যদিও তা এখনও কার্যকর হয়নি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মলদ্বীপের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে তামাকবিরোধী লড়াইয়ে এক ঐতিহাসিক অধ্যায় তৈরি করবে।






