Bolsonaro Verdict: ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড, তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি
ব্রাজিলের সর্বোচ্চ আদালতের এই রায় প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Truth of Bengal: নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে দোষী সাব্যস্ত করল দেশটির সুপ্রিম কোর্ট। বিচারপতিরা তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভাঙচুর করা এবং অভ্যুত্থানের চেষ্টা সংক্রান্ত অভিযোগে তাঁকে ২৭ বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। এতদিন গৃহবন্দি ছিলেন বোলসোনারো, এবার তাঁকে জেলের শাস্তি পেতে হবে (Bolsonaro Verdict)।
আরও পড়ুনঃ Raj Kundra: সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’, আর্থিক প্রতারণা প্রসঙ্গে কি বললেন রাজ কুন্দ্রা?
ব্রাজিলের সর্বোচ্চ আদালতের এই রায় প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা ব্রাজিলের জন্য ভালো হয়নি। তাঁর বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আরও এক ধাপ এগিয়ে জানিয়েছেন, অন্যায় এই রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করবে আমেরিকা। যদিও তিনি সেই পদক্ষেপ কী হতে পারে তা স্পষ্ট করেননি। ট্রাম্পের সঙ্গে বোলসোনারোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইতিপূর্বে ব্রাজিলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দক্ষিণ আমেরিকার এই দেশের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (Bolsonaro Verdict)।
ট্রাম্প সরাসরি বলেছেন, ব্রাজিলের বিরুদ্ধে তাঁর ক্ষোভের অন্যতম কারণ বোলসোনারোর বিচারপ্রক্রিয়া। এই পরিস্থিতিতে ব্রাজিলের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ আসতে পারে বলে মনে করা হচ্ছে।বোলসোনারোর বিরুদ্ধে সর্বোচ্চ ৪৩ বছরের সাজা হওয়ার কথা থাকলেও তাঁর বয়স এবং শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে আদালত সাজা কমিয়েছে। চার বিচারপতির মধ্যে তিনজন তাঁর সাজা বহাল রাখার পক্ষে ভোট দেন। বোলসোনারোর আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বৃহত্তম বেঞ্চে আবেদন করবেন (Bolsonaro Verdict)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
উল্লেখ্য, ২০২২ সালের সাধারণ নির্বাচনে বামপন্থী নেতা লুলার কাছে হেরে যান বোলসোনারো। নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে তিনি নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর সমর্থকেরা সংসদ ভবনে হামলার চেষ্টা করেন, যা নিয়ে মামলা দায়ের হয়। ২০২৩ সালের জুলাই মাসে ব্রাজিলের নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ আদালত তাঁকে আট বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এবার তাঁকে নির্বাচনী প্রক্রিয়া ভাঙচুরের অপরাধে দোষী সাব্যস্ত করে ২৭ বছরের জেলের সাজা দিল আদালত (Bolsonaro Verdict)।






