আন্তর্জাতিক

Florida Durga Puja: ৪৩ বছরের ঐতিহ্যে নবজাগরণ, ভুরিভোজ, গান আর আড্ডায় ফ্লোরিডায় প্রবাসীদের দুর্গাপুজো পালন

২৬ থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে সমাগম হয়েছিল ৪০০-রও বেশি মানুষের।

Truth of Bengal: আটলান্টিকের তীরে ফ্লোরিডার আকাশে এখনও যেন লেগে রয়েছে আগমনীর সুর। প্রতি বছরই এই চার দিনের প্রতীক্ষায় থাকেন প্রবাসী বাঙালিরা। শুধু এক পূজা নয়, এ যেন বিদেশে শিকড়ের সঙ্গে নিবিড় পুনর্মিলন। দীর্ঘ ৪৩ বছরের ঐতিহ্য বহনকারী বেঙ্গলি সোসাইটি অব ফ্লোরিডা (BSF)-এর দুর্গাপূজা ২০২৫ এবারে ছিল আরও বিশেষ। ২৬ থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসবে সমাগম হয়েছিল ৪০০-রও বেশি মানুষের।

নতুন কমিটির উদ্যোগে এই বছরই কুড়ি বছর পর প্রতিমা বদলানো হয়েছে, কুমারটুলি থেকে আনা হয়েছে নতুন ঠাকুর, যা এই উৎসবকে এনে দিয়েছে নবীন মাত্রা। উৎসবের সূচনা হয় শুক্রবার সন্ধ্যায় (২৬ সেপ্টেম্বর) উদ্বোধনী আরতি এবং ডিনারের মধ্য দিয়ে। স্থানীয় ‘গোট ক্লাব’ এই সন্ধ্যার ডিনার স্পনসর করেছিল। এই রাতের মূল আকর্ষণ ছিল খ্যাতনামা শিল্পী জয়তী চক্রবর্তীর মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। মেনুতে ছিল জিভে জল আনা মাটন কোশা, পরোটা, বাসন্তী পোলাও, কফতা এবং মিষ্টান্ন (Florida Durga Puja)।

 

আরও পড়ুনঃ জুবিন গর্গের মৃত্যুতে নয়া মোড়, গ্রেফতার টিমের গায়িকা

শনিবার (২৭ সেপ্টেম্বর) ছিল পূর্ণাঙ্গ দুর্গাপূজার দিন। সকাল থেকে অঞ্জলি ও প্রসাদ বিতরণের পর দুপুরে ছিল বাঙালিয়ানা ভোজ – খিচুড়ি, লাবড়া, বেগুনি ও মিষ্টি চাটনি। দুপুরে সবার জন্য নানা রকম গেমস ও খেলাধুলার প্রতিযোগিতা আয়োজিত হয়। একই সঙ্গে প্রকাশিত হয় বার্ষিক শারদ পত্রিকা ‘অভিজান’, যেখানে সদস্যদের লেখা, কবিতা ও শিল্পকর্ম স্থান পায়।

শনিবার রাতের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় শিল্পী কিঞ্জল চট্টোপাধ্যায়, যার কনসার্ট দর্শকদের মন ভরিয়ে দেয়। রাতে মেনুতে ছিল নান, চিকেন, ছাগলের মাংস, ডাল মাখনি ও পনিরের মতো জিভে জল আনা পদ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) উৎসবের শেষ দিনে তৈরি হয় সবচেয়ে আবেগঘন পরিবেশ। ধুনুচি নাচ, সিঁদুর খেলা ও ঢাকের বাদ্যিতে যেন ফ্লোরিডায় এক টুকরো কলকাতা নেমে আসে। রবিবারের দুপুরের ভোজ ছিল বর্ণাঢ্য— রুই মাছের কালিয়া, মাটন, ফুলকপি ডালনা, মটর পনির, চাটনি ও পায়েস। প্রতিটি দিনের খাদ্য তালিকাই সাজানো হয়েছিল নিরামিষ ও আমিষের নানা সুস্বাদু পদ দিয়ে (Florida Durga Puja)।

 

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

বিগত দুই বছর অন্তর নতুন এক্সিকিউটিভ কমিটি দায়িত্ব নেয়, এবং ২০২৫-২৬ সালের কমিটি তরুণ নেতৃত্বে বেশ প্রাণবন্ত। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি অবন্তিকা এবং সহ-সভাপতি পিয়ালি। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কোষাধ্যক্ষ কৌশিক রায়, সম্পাদক কৌশিক সরকার, সাংস্কৃতিক প্রধান গোল্ডি, ডিজিটাল অফিসার অন্তরা এবং খাদ্য ব্যবস্থাপক সুভো। মেম্বার অ্যাট লার্জ হিসেবে রয়েছেন সুভোজা, অমিত, প্রবাল, প্রদীপ এবং চিরঞ্জিব।

এক্স-অফিসিও হিসেবে সুজয় দায়িত্ব পালন করছেন। এই উৎসব শুধু খাবার আর গানের মধ্যেই সীমাবদ্ধ নয়— এটি প্রবাসে বাঙালির মিলনমেলা, যেখানে শিশু থেকে প্রবীণ, সকলে মিলে স্বেচ্ছাশ্রমে অনুষ্ঠানকে সফল করে তোলেন। পূজা শেষে সবার মনে থেকে যায় ভক্তি, অনাবিল আনন্দ আর আগামী বছর আবার পুনর্মিলনের এক মিষ্টি প্রতিশ্রুতি (Florida Durga Puja)।

Related Articles