দেশ

ফের মুকুটে নতুন পালক,দেশের সেরা বাংলা

Sera Bangle

The Truth of Bengal: বাংলার মুকুটে আরও একটি নতুন পালক। আবারও দেশের সেরা বাংলা। দুধ ডিম মাংস উৎপাদন বৃদ্ধির নতুন নজির গড়ে ফের কেন্দ্রের স্বীকৃতি ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গ। বিগত আর্থিক বছরে এই ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য সাফল্যের ছবি উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের দেওয়া রিপোর্টে । সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রাণিসম্পদ মন্ত্রকের ক্ষুদ্র প্রাণী পালন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ পয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষে সমস্ত রাজ্যের ডিম, দুধ ও মাংস উৎপাদন ও বৃদ্ধির হার সংক্রান্ত পরিসংখ্যান বলছে  দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে বৃদ্ধির হার অনেক বেশি। ডিমের উৎপাদন ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গোটা দেশের মধ্যে যা সর্বোচ্চ। এই অর্থ বর্ষে দুধের উৎপাদন বেড়েছে ৮.৬৫%। মাংসের উৎপাদন বেড়েছে ১১.৯ শতাংশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের স্বনির্ভরতার কথা বলেছেন। দুধ ডিম মাংস উৎপাদনে রাজ্য নিজের পায়ে দাঁড়াক, জোর দিয়েছিলেন সে বিষয়ে। উৎপাদন যাতে বাড়ে তার জন্য নেওয়া হয় নানান পরিকল্পনা। সেই পথ ধরেই এল সাফল্য। এখন  রাজ্যের প্রয়োজনীয় ডিমের  চাহিদা মেটাতে ভিন রাজ্যের দিকে চেয়ে থাকতে হয় না। আগে বিভিন্ন রাজ্য থেকে ডিম আমদানি করা হতো চাহিদা মেটাতে। রাজ্যে ডিমের উৎপাদন ২০ শতাংশের বেশি বৃদ্ধি পাওয়ায় আমদানি নির্ভরতা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে রাজ্য। ডিম উৎপাদনের নিরিখে এই বৃদ্ধির ফলে গোটা দেশের মধ্যে  পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে উঠে এসেছে।

অন্যদিকে দুধ উৎপাদনে এ রাজ্য দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। মাংস উৎপাদনেও দেশের মধ্যে দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গের। দুধ ও মাংস উৎপাদনে দেশের মধ্যে এক নম্বর স্থান দখলের লড়াই চলছে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা বলছেন সেদিন আর বেশি দূরে নেই। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা – একাধিক প্রকল্পে বাংলা বারবার শীর্ষে পৌঁছেছে। তারপরও ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা – বাংলার একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে দিয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক দল। এরই মাঝে ফের শীর্ষে বাংলা। এবার দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে।

Related Articles