দেশ

মমতার পথে তেজস্বী! জনসভা থেকে কী বললেন তিনি?

এবার কংগ্রেসকে বেশি আসন ছাড়তে রাজি নয় আরজেডি।

Truth Of Bengal: দোরগোড়ায় বিহার বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক ইস্যুতে উত্তপ্ত নীতিশ গড়। শাসক থেকে বিরোধী, সকল দলই, শেষ মুহূর্তেও, জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে। তবে এবারের নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে বলে বেরিয়ে ছিলেন যে ২৯৪ আসনের প্রার্থী তিনি। এবার একই কাজ করলেন তেজস্বী।

শনিবার এক জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে তেজস্বী যাদব জানালেন যে তিনিই প্রার্থী ২৪৩ আসনের। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমিই প্রার্থী রাজ্যের ২৪৩ আসনে। তেজস্বীর মুখ দেখে আপনারা ভোট দিন। বিহারের সকল নাগরিকদের বলব প্রার্থী নয়, ভোট দিন আমার মুখ দেখে।” প্রসঙ্গত, গতবারও তেজস্বী যাদবকেই মুখ বানিয়ে ভোটের লড়াইয়ে নেমেছিল আরজেডি। তবে সরকার গঠনের কাছাকাছি এসেও তা করতে পারেনি তারা।

তবে নির্বাচনের আগে আসন নিয়ে এই মুহূর্তে সমস্যায় ইন্ডিয়া জোট। গতবার বাম ও কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছিল আরজেডি। কিন্তু আরজেডি ও বাম ভালো ফল করলেও কংগ্রেস তেমন দাগ কাটতে পারেনি, যা নিয়ে অসন্তোষ তৈরি হয় পড়ে। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনেও হাত শিবির তেমন প্রভাব ফেলতে পারেনি বিহারে। তাই এবার কংগ্রেসকে বেশি আসন ছাড়তে রাজি নয় আরজেডি।

কিন্তু ‘ভোটার অধিকার যাত্রা’র সাফল্যের পর কংগ্রেসের ৭০ আসন চাইছে। তবে তেজস্বী দলের তরফ থেকে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে তারা হাত শিবিরকে ৫০-৫২ আসনের বেশি দেবে না। অন্যদিকে ভিআইপি পার্টির মুকেশ সাহানিও বাড়তি আসন দাবি করছেন। সব মিলিয়ে, আসন নিয়ে বেশ হাবুডুবু খাচ্ছে আরজেডি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে কংগ্রেসের তরফ থেকে ঘোষণা না করা সত্ত্বেও তেজস্বী যাদবের নিজেকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে প্রচার করে বেড়ানো ইঙ্গিত দিচ্ছে যে প্রয়োজনে আরজেডি একা লড়াই করারও ক্ষমতা রাখে।

Related Articles