দেশ

জনবহুল এলাকায় আর রাখা যাবে না পথকুকুর! পুনর্বিবেচনার আর্জি খারিজ করে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

২০২৫ সালের নভেম্বর মাসে দেওয়া নির্দেশিকায় কোনও পরিবর্তন আনা হবে না।

Truth of Bengal: স্কুল, কলেজ, হাসপাতাল, রেলওয়ে স্টেশন-সহ জনবহুল ও সংবেদনশীল এলাকা থেকে পথকুকুরদের সরিয়ে দেওয়ার নির্দেশে অনড় থাকল সুপ্রিম কোর্ট। পথকুকুর সংক্রান্ত মামলায় আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিল, জননিরাপত্তাকে কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। মঙ্গলবার বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ স্পষ্ট জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসে দেওয়া নির্দেশিকায় কোনও পরিবর্তন আনা হবে না।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, স্কুল, কলেজ বা হাসপাতালের মতো এলাকা থেকে পথকুকুরদের টিকাকরণ বা বন্ধ্যাকরণের জন্য নিয়ে যাওয়ার পর, তাদের আর আগের জায়গায় ফেরত পাঠানো যাবে না। এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল একাধিক এনজিও ও পথকুকুর প্রেমী সংগঠন। তবে আদালত তাদের আবেদন খারিজ করে আগের নির্দেশই বহাল রাখল। এদিন দেশের বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ের ঘটনায় আক্রান্তের ‘উদ্বেগজনক’ পরিসংখ্যান তুলে ধরে আদালত মন্তব্য করে, জনবহুল এলাকায় বিশেষ করে শিশুদের উপর পথকুকুরের হামলার ঘটনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আদালতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

শুধু নির্দেশ বহাল রাখাই নয়, পথকুকুর নিয়ন্ত্রণে রাজ্যগুলির ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অনেক রাজ্যেই পথকুকুর নিয়ন্ত্রণে যথাযথ পরিকল্পনা ও কার্যকর কর্মসূচির অভাব রয়েছে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, স্পোর্টস কমপ্লেক্স এবং হাইওয়ের মতো জনসমাগমপূর্ণ এলাকা থেকে পথকুকুরদের দ্রুত অপসারণ করতে হবে। অপসারিত কুকুরদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতি জেলায় পশু জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত অ্যান্টি-রেবিস ভ্যাকসিনের মজুত রাখার বিষয়েও কড়া নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আদালত জানিয়েছে, চরম রোগাক্রান্ত বা অত্যন্ত হিংস্র কুকুরদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে ‘ইউথেনেসিয়া’ বা ‘নিষ্কৃতি মৃত্যু’র অনুমতি দেওয়া যেতে পারে। সবমিলিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, জননিরাপত্তা ও মানুষের জীবন রক্ষাই সবার আগে। পথকুকুর সংক্রান্ত ইস্যুতে রাজ্য প্রশাসনগুলিকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ করতে হবে বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Related Articles