পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ফের হুঁশিয়ারি, মরক্কো সফরে কী বললেন রাজনাথ?
পাকিস্তান বাড়াবাড়ি করলে সিঁদুরের দ্বিতীয় ও তৃতীয় ধাপও ফের শুরু হতে পারে।
Truth Of Bengal: পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ফের বিস্ফোরক ভারত। সোমবার মরক্কো সফরে গিয়ে তেমনই বক্তব্য রাখলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘পাক অধিকৃত কাশ্মীরকে নিজের অংশ করতে কোনও আগ্রাসনের প্রয়োজন নেই। একদিন অধিকৃত কাশ্মীর নিজে থেকেই বলবে আমি ভারতের।’ পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সেই পথেই এগোচ্ছে বলে বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। শুধু তাই নয়, মরক্কোর মাটিতে দাঁড়িয়ে আরও একবার হুঁশিয়ারির সুরে তিনি জানালেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়ে যায়নি। পাকিস্তান বাড়াবাড়ি করলে সিঁদুরের দ্বিতীয় ও তৃতীয় ধাপও ফের শুরু হতে পারে।
বছর পাঁচেক আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে নিজের ভাষণের কথা স্মরণ করিয়ে রাজনাথ সিং এদিন বলেন, ‘৫ বছর আগে সেনার অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আমি বলেছিলাম, আমাদের পাক অধিকৃত কাশ্মীরে কোনও হামলা চালানোর প্রয়োজন নেই। ওটা আমাদেরই পিওকে, একদিন নিজে থেকেই বলবে আমি ভারতের অংশ।’ মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখার সময় তিনি আরও বলেন, ‘সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের থেকে স্বাধীনতার দাবি তুলেছেন। পিওকে-র সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত খাবার নেই, জলের উৎস দখল করে শোষণ করা হচ্ছে। মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্র। চড়া দাম বিভিন্ন জিনিসের। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। তার ওপর অবাস্তব কর চাপিয়ে নাজেহাল করা হচ্ছে নাগরিকদের। যার জেরে দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে পরিস্থিতি। এই অবস্থায় পাক সরকারের শাসনে থাকতে নারাজ তাঁরা। গত বছরও পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে তীব্র আন্দোলন শুরু করেন। যদিও কঠোরভাবে তাঁদের দমন করে পাক সরকার। সেই ইস্যুকে হাতিয়ার করেই রাজনাথের এই বার্তা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।
তবে শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, ‘অপারেশন সিঁদুর’ যে কোনদিন শুরু হতে পারে বলে বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিং বলেন, ‘ভারত যে কোনও সময় ‘অপারেশন সিঁদুর’-এর দ্বিতীয় বা তৃতীয় ধাপ শুরু করতে পারে। পাকিস্তান যদি সন্ত্রাসী হামলা চালানোর বা অনুপ্রবেশকারীদের পাঠানোর সাহস দেখায়,
তাহলে ভারত আবারও তা শুরু করতে দ্বিধা করবে না।’ মরক্কোর মাটিতে দাঁড়িয়ে এভাবেই হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর।






