পকেটে ৪০, ব্যাঙ্কে ৪৪ টাকা নিয়েই ভোটে লড়ছেন কেরলের এসইউসিআই প্রার্থী
এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রার্থী আসনার মোট সম্পত্তি মাত্র ৮৪ টাকা।
Truth of Bengal: ভোটে দাঁড়ানো প্রার্থীদের সম্পত্তির অঙ্ক শুনলে সাধারণ মানুষের চোখ কপালে ওঠে। লক্ষ-কোটি টাকার সম্পত্তি, জমি-বাড়ি, গাড়ি—প্রার্থীদের হলফনামায় এসব তথ্য এখন প্রায় নিয়মিত চিত্র। কিন্তু কেরল বিধানসভা নির্বাচনে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করলেন ২৬ বছরের আসনা থাম্বি। এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রার্থী আসনার মোট সম্পত্তি মাত্র ৮৪ টাকা।
কেরলের এত্তুমানুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন আসনা। আগামী ৯ এপ্রিল সেখানে ভোটগ্রহণ হবে। গণনা হবে ৪ মে। মনোনয়নপত্রে আসনা উল্লেখ করেছেন, তাঁর কাছে নগদ রয়েছে মাত্র ৪০ টাকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৪৪ টাকা। অর্থাৎ মোট সম্পত্তি ৮৪ টাকা। দলের তরফে জানা গিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় সিকিউরিটি ডিপোজিট হিসেবে যে ১০ হাজার টাকা জমা দিতে হয়, তা দলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। আসনার দাবি, তাঁর স্থায়ী কোনও চাকরি নেই। তিনি দলের পূর্ণসময়ের কর্মী হিসেবেই কাজ করেন। তাঁর কথায়, ‘মানুষকে সাহায্য করাই মূল লক্ষ্য। টাকা উপার্জন নয়। আমাদের দলের নীতিও সেটাই। তাই তার বাইরে যেতে পারব না।’
জানা গিয়েছে, এর্নাকুলামের একটি ছোট গ্রামে জন্ম আসনার। তাঁর বাবা সি কে থাম্বি দিনমজুর এবং এসইউসিআই-এর জেলা কমিটির সদস্য। মা ওমানা পিপিও-ও দিনমজুর এবং দলের লোকাল কমিটির সদস্য। পরিবার থেকেই রাজনীতির সঙ্গে পরিচয় আসনার। ছোট বয়সেই পড়াশোনার জন্য কোচিতে চলে আসেন আসনা। থাকতেন দলীয় অফিসে। পরে এর্নাকুলামের মহারাজা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন। কলেজে পড়ার সময় থেকেই দলের কাজ করতেন তিনি। আসনার বক্তব্য, ‘পড়াশোনার সময় থেকেই দেখেছি এসইউসিআই কীভাবে মানুষের জন্য কাজ করে।’ স্নাতক হওয়ার পর তিনি কোট্টায়ামে চলে যান এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখানেও তিনি দলীয় কার্যালয়েই থাকতেন। এখনও সেখানেই থাকেন বলে জানা গিয়েছে। নিজের রান্না থেকে শুরু করে দৈনন্দিন সমস্ত কাজ নিজেই করেন। বাকি সময় মানুষের পাশে দাঁড়ানোই তাঁর মূল কাজ।
এবার সেই সামাজিক আন্দোলনের পথ থেকেই তিনি ভোটের লড়াইয়ে নেমেছেন। আসনা জানিয়েছেন, প্রচারের জন্য অর্থ সংগ্রহও করা হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকেই। এত্তুমানুর কেন্দ্রে আসনার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সিপিএম-এর বর্তমান বিধায়ক ভি এন বাসবন এবং কংগ্রেস প্রার্থী নাট্টাকোম সুরেশ। উল্লেখ্য, বর্তমানে কেরল বিধানসভায় এসইউসিআই-এর কোনও আসন নেই। তবে কেরল ও পশ্চিমবঙ্গে দলটির সাংগঠনিক উপস্থিতি রয়েছে।






