রাজ্যের খবর

ভোটের মুখে রাজ্যে আজ আরও ২ মুখ্যমন্ত্রী, জানেন তাঁরা কারা? কী কর্মসূচি তাঁদের?

তাঁরা এসেছেন পদ্ম শিবিরের হয়ে ভোট প্রচারের পালে হাওয়া দিতে

Truth Of Bengal: একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘাসফুল শিবিরের প্রচারে জেলায় জেলায় সফর চালাচ্ছেন, ঠিক তখনই বঙ্গ রাজনীতিতে শনিবারের বারবেলা ধরা দিল এক ভিন্ন মেজাজে। নির্বাচনী উত্তাপ বাড়াতে এদিন রাজ্যে পা রাখলেন আরও দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে তাঁরা এসেছেন পদ্ম শিবিরের হয়ে ভোট প্রচারের পালে হাওয়া দিতে।

বিজেপির কেন্দ্রীয় রণকৌশল মেনেই এদিন রাজ্যে এসেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দলীয় কর্মসূচি অনুযায়ী, বিষ্ণু দেও সাই এদিন ঝাড়গ্রামে জনসভা ও প্রচার সেরে সরাসরি রায়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন। অন্যদিকে, খড়গপুরে বিজেপি প্রার্থীর মনোনয়ন পর্বে বিশেষ গুরুত্ব দিয়ে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শুধু তাই নয়, প্রচারের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নজর কেড়েছে ভবানীপুর কেন্দ্রও। যেখানে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় সশরীরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও এদিন বিজয়গড়ের নিরঞ্জন সদনে দলীয় সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।

ভোটের মুখে ভিনরাজ্যের এই হেভিওয়েট নেতাদের উপস্থিতিকে অবশ্য মোটেই ভালো চোখে দেখছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়ে এই নেতাদের ‘পরিযায়ী পাখি’ বলে তকমা দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের মরসুম এলেই এই নেতাদের দেখা মেলে, কিন্তু বছরের বাকি সময় সাধারণ মানুষের পাশে কেবল তৃণমূল কংগ্রেসই থাকে।

বিজেপির এই ‘তারকা’ প্রচারকদের আনাগোনা এবং তার পাল্টায় তৃণমূলের তীব্র আক্রমণ— সব মিলিয়ে রাজ্যের নির্বাচনী আবহে আজ ‘মুখ্যমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী’ লড়াইয়ের এক অনন্য ছবি ধরা পড়ল। ভিনরাজ্যের এই নেতাদের উপস্থিতি ভোটবাক্সে ঠিক কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related Articles