দেশ

কাশ্মীরে তুষারঝড়, দিল্লিতে কমলা সতর্কতা! উত্তর ভারত জুড়ে প্রকৃতির মেজাজ বদল

দিল্লির এই পরিস্থিতির কথা মাথায় রেখে মৌসম ভবন ইতিমধ্য়েই কমলা সতর্কতা জারি করেছে।

Truth of Bengal: উত্তর ভারতে আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটেছে। একদিকে যখন রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজছে, অন্যদিকে কাশ্মীর ও হিমাচল প্রদেশে শুরু হয়েছে প্রবল তুষারপাত। শুক্রবার ভোরে দিল্লির আকাশ মেঘলা থাকার পাশাপাশি শুরু হয় টিপটিপ বৃষ্টি। কোথাও আবার বৃষ্টির তীব্রতা ছিল বেশি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির জেরে রাজধানীর জনজীবন কিছুটা থমকে গিয়েছে। দিল্লির এই পরিস্থিতির কথা মাথায় রেখে মৌসম ভবন ইতিমধ্য়েই কমলা সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সারাদিনই দিল্লির আকাশ মেঘলা থাকবে। বিকেলের আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই বৃষ্টির প্রভাবে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। ভোর ৫টার বুলেটিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা জানিয়েছিল হাওয়া অফিস, যা সকাল হতেই বাস্তবায়িত হয়।

এদিকে পাহাড়ের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। উত্তর কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গ-সহ উপত্যকার বিভিন্ন অংশ এখন বরফের সাদা চাদরে ঢাকা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সেখানে তুষারপাত শুরু হয়েছিল। শ্রীনগর ও সমতলের এলাকাগুলোতে তীব্র গতিতে শীতল হাওয়া বইছে। কাশ্মীরের পাশাপাশি হিমাচল প্রদেশের মানালিতেও নতুন করে তুষারপাত শুরু হয়েছে, যা পর্যটকদের জন্য আনন্দের হলেও স্থানীয় যোগাযোগ ব্যবস্থার জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রবল তুষারপাতের জেরে কাশ্মীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রানওয়েতে বরফ জমে থাকায় শ্রীনগর বিমানবন্দরে উড়ান পরিষেবা বিঘ্নিত হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। তুষারপাতের প্রভাব পড়েছে রেল চলাচলের ওপরও। এছাড়া বরফ জমে পিচ্ছিল হয়ে যাওয়ায় শ্রীনগর থেকে জম্মু যাওয়ার প্রধান সড়কপথটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।