বাগদেবীর আরাধনায় ফিরল শীতের আমেজ, ফের ১৫ ডিগ্রির নিচে নামল কলকাতার পারদ
শীতের পরশের সঙ্গেই জেলায় জেলায় কুয়াশার দাপট নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
Truth Of Bengal: গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও, বাগদেবীর আরাধনার পুণ্যলগ্নে রাজ্যজুড়ে ফের অনুভূত হচ্ছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পারদ কিছুটা নেমেছে। তবে শীতের পরশের সঙ্গেই জেলায় জেলায় কুয়াশার দাপট নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। তবে গত কয়েকদিনের তুলনায় এটি কম, কারণ এর আগে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামেনি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে।
শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার দাপট। উত্তরবঙ্গের দুই জেলা— জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, যার ফলে দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে ঘোরাফেরা করবে।
আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা হ্রাস পেয়েছে। নদীয়ার কল্যাণী আজ রাজ্যের শীতলতম স্থান (১০ ডিগ্রি সেলসিয়াস)। এছাড়া বাঁকুড়া, শ্রীনিকেতন ও আসানসোলে পারদ নেমেছে ১১.১ ডিগ্রিতে। ব্যারাকপুর ও সিউড়িতে তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পুরুলিয়া ও পানাগড়েও তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহ উত্তর বা দক্ষিণবঙ্গ— কোথাও তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকায় যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






