দেশ

যাত্রীদের জন্য ১০ হাজার টাকা ভাউচার ঘোষণা, ক্ষতিপূরণে বড় উদ্যোগ ইন্ডিগোর

গত সপ্তাহে একের পর এক উড়ান বাতিল হওয়ায় সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হয়েছেন।

Truth Of Bengal: ইন্ডিগো এবার যাত্রীদের ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিল। গত ৩ থেকে ৫ ডিসেম্বর বিমান বাতিল ও বিভ্রাটের কারণে যেসব যাত্রী প্রবল সমস্যার মুখোমুখি হয়েছেন, তাদের জন্য বিমান সংস্থা ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাউচার দেওয়ার ঘোষণা করেছে। ইতিমধ্যেই বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। এবার ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য আরও বড় ক্ষতিপূরণের পথ খুলল ইন্ডিগো।

গত সপ্তাহে একের পর এক উড়ান বাতিল হওয়ায় সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হয়েছেন। কেন্দ্রও আটদিন ধরে চলা সমস্যার পর কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন ইন্ডিগোর বিমান পরিষেবার ১০ শতাংশ বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে আরও সচেষ্ট হয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাউচার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান ছাড়ার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত যাদের উড়ান বাতিল হয়েছে, তাদেরই এই ভাউচার দেওয়া হবে। ভাউচারের পরিমাণ নির্ধারণ করা হবে বিমানের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। এই ভাউচার আগামী ১২ মাসের মধ্যে ইন্ডিগোর যেকোনো টিকিটে ব্যবহার করা যাবে। তবে সব বাতিল হওয়া যাত্রী এই ভাউচার পাবেন না; কেবলমাত্র যারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা এটিতে সুবিধা পাবেন।

ভারতে অন্তর্দেশীয় উড়ান পরিষেবার প্রায় ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করে ইন্ডিগো, যা দৈনিক প্রায় ২৩০০টি উড়ান পরিচালনা করে। কিন্তু গত সপ্তাহে এই পরিষেবাই ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। কেন্দ্র নিশ্চিত করতে চাইছে, ভবিষ্যতে যাত্রীরা যেন এমন ভোগান্তির মধ্যে না পড়ে। এছাড়া ইন্ডিগোর উপর বড় জরিমানা আরোপ এবং সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদেরও শাস্তি দেওয়া হতে পারে।

Related Articles