দেশ
মাঝ আকাশে বোমাতঙ্ক! লখনউয়ে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
লখনউ পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার রজনীশ বর্মা জানান, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার পাওয়া যায়, যেখানে লেখা ছিল, বিমানে বোমা রয়েছে।
Truth Of Bengal: দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেওয়া ইন্ডিগো সংস্থার একটি যাত্রীবাহী বিমানে রবিবার সকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝ আকাশে এই সতর্কবার্তা মেলায় তড়িঘড়ি বিমানটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ওই বিমানে মোট ২৩৮ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
লখনউ পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার রজনীশ বর্মা জানান, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার পাওয়া যায়, যেখানে লেখা ছিল, বিমানে বোমা রয়েছে। সেই বার্তা নজরে আসতেই বিমানের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লি থেকে বাগডোগরার পথে থাকা অবস্থায় মাঝ আকাশেই বিষয়টি ধরা পড়ে এবং নিরাপত্তার স্বার্থে বিমানটিকে লখনউয়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
লখনউ বিমানবন্দরে অবতরণের পর বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের একে একে নামিয়ে আনা হয় এবং শুরু হয় নিরাপত্তা তল্লাশি। বিমানের ভেতরে তল্লাশি চালাতে নামানো হয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও সিআইএসএফ। একই সঙ্গে যাত্রীদেরও প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ই ৬৬৫০ নম্বর ফ্লাইটে মাঝ আকাশে বোমাতঙ্কের খবর পাওয়া যায়। নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং বিমানটি লখনউয়ে জরুরি অবতরণ করে। সংস্থা জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত জানানো হচ্ছে। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিগো।
বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর নাভেদ নিজামও জানান, দিল্লি থেকে বাগডোগরাগামী একটি বিমানকে নিরাপত্তাজনিত কারণে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে মোট ২৩৮ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী, যার মধ্যে আট জন শিশু। এছাড়াও বিমানে ছিলেন দু’জন পাইলট ও ছ’জন কেবিন ক্রু। লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৬ মিনিট নাগাদ বোমাতঙ্কের খবর পাওয়া যায় এবং সকাল ৯টা ১৭ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।