Real Madrid: বার্নাব্যুতে রিয়ালের বড় ধাক্কা! এগিয়ে গিয়েও ২-১ গোলে হার ম্যান সিটি-র কাছে
দানি কার্ভাহাল, আলেকজান্ডার আর্নল্ড, এদের মিলিতাও—পরপর চোটে দল কমে গিয়েছিল বেশ খানিকটাই।
Truth of Bengal: চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে এগিয়ে গিয়েও ২-১ গোলে হার মানতে হল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। টানা দ্বিতীয়বার ঘরের মাঠে হার, সঙ্গে লা লিগায় পয়েন্ট খোয়ানো—সব মিলিয়ে বাড়ছে রিয়াল কোচ জাবি আলন্সোর উপর চাপ। তবু ফুটবলারদের দাবি, এই কঠিন সময়ে তাঁরা কোচের পাশেই রয়েছেন।অধিনায়ক কিলিয়ান এমবাপে-সহ প্রথম সারির আটজন ফুটবলারকে ছাড়াই মাঠে নামে রিয়াল। দানি কার্ভাহাল, আলেকজান্ডার আর্নল্ড, এদের মিলিতাও—পরপর চোটে দল কমে গিয়েছিল বেশ খানিকটাই। তবু ২৮ মিনিটে রদ্রিগোর গোল। বেলিংহামের পাস থেকে কোনাকুনি শটে একেবারে নিখুঁত ফিনিশিং।
কিন্তু লিড ধরে রাখতে পারল না রিয়াল। প্রথমে নিকো ও রিলির গোলে সমতা, পরে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আর্লিং হাল্যান্ড। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। কয়েকবার আরও বড় ব্যবধানে হারতে পারত রিয়াল, কিন্তু দুরন্ত কিপার থিবো কুর্তোয়া একাই আটকে দেন অন্তত ছয়টি নিশ্চিত গোল।ম্যাচ শেষে রিয়াল সমর্থকেরা বিদ্রূপে বিদ্ধ করেন কোচ জ়াবিকে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, আলন্সো সাজঘরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন; ভিনিসিয়াসের সঙ্গে সম্পর্ক তলানিতে। ফুটবলারদের একাংশও নাকি তাঁর পদ্ধতি নিয়ে অসন্তুষ্ট। শেষ আট ম্যাচে মাত্র দু’টিতে জেতার পর ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ়ও নাখোশ কোচের উপর।
তবে খেলোয়াড়দের একাংশ প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। গোলদাতা রদ্রিগো বলেন,এটা কঠিন সময়। কোচ আমাদের পাশে রয়েছেন, আমরাও তাঁর পাশে আছি। একজোট হয়ে ফিরতে হবে।জুড বেলিংহ্যামের কথায়,বাইরের আওয়াজে লাভ নেই। সাজঘরেই সমস্যার সমাধান করতে হবে।চাকরি নিয়ে চিন্তিত কি না—জবাবে জাবির বলেন, রিয়ালের পরের ম্যাচটাই এখন মাথায়। ফল খারাপ হলেও কিছু ইতিবাচক দিক দেখেছি। ভুল থেকে শিক্ষা নিয়েই এগোতে হবে।চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচডে সিক্সের পর রিয়াল রয়েছে সপ্তম স্থানে। ছ’টি ম্যাচে চারটে জিতে তাদের পয়েন্ট ১২। লা লিগায় ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল দ্বিতীয় স্থানে রয়েছে।






