আকাশছোঁয়া জেট ফুয়েলের দাম: ঘরোয়া ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া বাড়াল ইন্ডিগো
একদিনেই সংস্থার শেয়ার প্রায় ৫ শতাংশ পড়ে গিয়েছে
Truth Of Bengal: জ্বালানির দামে লাগাতার ঊর্ধ্বগতির প্রভাব এবার সরাসরি পড়ল বিমান ভ্রমণে। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল-এর দাম হঠাৎ বেড়ে যাওয়ার পর ২ রা এপ্রিল থেকে টিকিটে নতুন ফুয়েল সারচার্জ চালু করল ইন্ডিগো। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক— উভয় রুটেই দূরত্ব ও সেক্টর অনুযায়ী অতিরিক্ত চার্জ টিকিটের সঙ্গে যুক্ত হবে। ফলে সাধারণ যাত্রীদের বিমানযাত্রার খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেই মনে করা হচ্ছে। এই ঘোষণার মাঝেই বাজারে বড় ধাক্কা খেয়েছে ইন্ডিগোর পেরেন্ট সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশন। একদিনেই সংস্থার শেয়ার প্রায় ৫ শতাংশ পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
ইন্ডিগোর ঘোষণা অনুযায়ী, দেশীয় ফ্লাইটে কিলোমিটারভিত্তিক ফুয়েল সারচার্জ ধার্য করা হয়েছে। টিকিটের বেস ভাড়ার সঙ্গে এই অতিরিক্ত চার্জ যোগ হবে।০–৫০০ কিমি ২৭৫ টাকা, ৫০১–১০০০ কিমি ৪০০ টাকা, ১০০১–১৫০০ কিমি ৬০০ টাকা, ১৫০১–২০০০ কিমি ৮০০ টাকা, ২০০০ কিমির বেশি ৯৫০ টাকা।
ইন্ডিগোর দাবি, গত ৩০ দিনে আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। তার জেরেই আন্তর্জাতিক ভ্রমণের খরচ আরও বাড়ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক সেক্টরে নির্দিষ্ট অঙ্কের অতিরিক্ত সারচার্জ ধার্য করা হবে। যেমন ব্রিটেন ও ইউরোপ রুটের জন্য বাড়তি ১০,০০০ টাকা উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্য ৩,০০০–৫,০০০ টাকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিন ৩,০০০–৫,০০০ টাকা এবং আফ্রিকার জন্য বাড়তি ৫,০০০ টাকা। এই নতুন ফুয়েল সারচার্জ ২ এপ্রিল থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়েছে জেট ফুয়েলে। ইন্ডিগো জানিয়েছে, তাদের মোট পরিচালন খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানি খাতে ব্যয় হয়। ফলে জেট ফুয়েলের দাম এতটা বেড়ে যাওয়ায় পুরনো ভাড়া ধরে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে জ্বালানির দাম আরও বাড়লে বিমান সংস্থাগুলি ভাড়া আরও বৃদ্ধি করতে পারে। ফলে গ্রীষ্মের ছুটির মরসুমে বিমানযাত্রা আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।





