কুলগামে সেনার চক্রব্যূহে ‘মোস্ট ওয়ান্টেড’ লস্কর জঙ্গি! ভিডিও কলে আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দিল লতিফ
‘গুলির লড়াইয়ে মরলেই বেশি খুশি হব!’ সেনাকর্তার আত্মসমর্পণের আর্জি খারিজ করল ১১ নভেম্বরের হামলার মাস্টারমাইন্ড
Truth of Bengal: সন্ত্রাসবিরোধী অভিযানে জম্মু ও কাশ্মীরে ফের বড়সড় সাফল্যের দোরগোড়ায় নিরাপত্তাবাহিনী। গত কয়েকদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তইবা জঙ্গি লতিফ ভাটকে কুলগামে ঘিরে ফেলেছে যৌথবাহিনী। জানা গিয়েছে, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফ ক্যাম্প ও চেকপয়েন্টে হামলার মূল মাস্টারমাইন্ড ছিল এই লতিফই। তাকে জীবিত বা মৃত অবস্থায় পাকড়াও করতে গোটা কুলগাম জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনা।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনার চক্রব্যূহে বন্দি হয়ে পড়া লতিফের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছেন নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা। সেই কথোপকথনের কিছুটা অংশ ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিও কলে এক সেনাকর্তাকে লতিফের উদ্দেশে বলতে শোনা যায়, “আত্মসমর্পণ করুন। আমরা আপনার সঙ্গে আছি, কোনও ক্ষতি হবে না।” যদিও সেনার সেই মানবিক প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে ওই জঙ্গি। পাল্টা লতিফ জানায়, আত্মসমর্পণের চেয়ে গুলির লড়াইয়ে মৃত্যু হলেই সে বেশি খুশি হবে।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত হয়েছিল গত ১১ নভেম্বর। সেদিন কুলগাম জেলার একটি চেক পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। মোটরবাইকে চেপে এসে ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়, যাতে গুরুতর আহত হন তিন জওয়ান। তদন্তে নেমে এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গোয়েন্দারা নিশ্চিত হন যে, এই হামলার নেপথ্যে রয়েছে ভারতে লস্করের শেষ কমান্ডার লতিফ এবং তার এক সঙ্গী।
এরপরই জঙ্গিদের খোঁজে অভিযান তীব্র করে বাহিনী। গত সোমবার কুলগামের লারু এলাকায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় লতিফের সঙ্গী জঙ্গি নিসার দারের। তবে সেই অভিযানে আহত হয়েও কোনওক্রমে এলাকা ছেড়ে পালাতে সক্ষম হয়েছিল মূল চক্রী লতিফ। এরপর থেকেই গোটা কুলগাম কার্যত চষে ফেলছে বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর থেকে কুলগামের একটি নির্দিষ্ট এলাকায় নতুন করে তল্লাশি শুরু হয়েছে। নিরাপত্তাবাহিনীর অনুমান, আহত অবস্থায় আশপাশেই কোথাও লুকিয়ে রয়েছে এই কুখ্যাত জঙ্গি। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।





