দেশ

প্রধানমন্ত্রীর এক মন্তব্যে নেটদুনিয়ায় হুলুস্থুল! ককরোচদের পর বাজারে এল ‘দিমাগি নকশাল পার্টি’

২৪ ঘণ্টায় পৌনে ২ লক্ষ অনুগামী! ‘দিমাগি নকশাল’ ট্রেন্ড ঝড় তুলতেই ইনস্টাগ্রাম থেকে রহস্যজনকভাবে উধাও পেজ!

Truth of Bengal: প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় তৈরি হয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। সেই ট্রেন্ডের রেশ গড়ায় সোজা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক মন্তব্যের পর নেটপাড়ায় জন্ম নিল আরও এক নতুন ‘পার্টি’। ‘ককরোচ’দের মতোই একরাতের মধ্যে সোশাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে ‘দিমাগি নকশাল পার্টি’। তবে উন্মাদনার পারদ চড়তেই ইনস্টাগ্রাম থেকে আচমকা উধাও হয়ে গিয়েছে বহুচর্চিত এই পেজটি।

ঘটনার সূত্রপাত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে। লালকেল্লা থেকে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক করে বলেন, “দেশের অলিগলিতে মাওবাদীরা এখনও ঘাপটি মেরে বসে আছে। জঙ্গলের বন্দুকধারী নকশালদের হয়তো দমন করা গিয়েছে, কিন্তু ‘দিমাগি নকশাল’রা সুযোগের অপেক্ষায় রয়েছে। তারা সমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে এবং হিংসা ছড়ানোর পথ খুঁজছে। এদের দ্রুত চিহ্নিত করে একঘরে করতে হবে।”

প্রধানমন্ত্রীর এই ‘দিমাগি নকশাল’ কটাক্ষ ঠিক কাদের উদ্দেশ্যে, তা নিয়ে জল্পনা শুরু হতেই ঘি ঢালেন কংগ্রেসের প্রবীণ নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এক্স হ্যান্ডেলে তিনি স্পষ্ট লেখেন, ‘দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত’। এই বার্তার পরেই নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে ওঠে। পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেন, সংবিধানকে তুচ্ছ করে যারা মাওবাদী কিংবা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে, অনুচ্ছেদ ৩৭০ রদের বিরোধিতা করে বা চিকেনস নেক বিচ্ছিন্ন করার চক্রান্তকারীদের পাশে দাঁড়ায়, তারাই আসলে দিমাগি নকশাল।

বিতর্কের মাঝেই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ ঘটে ‘দিমাগি নকশাল পার্টি’ নামে পেজের। দেখতে দেখতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লক্ষ ৮৩ হাজার ফলোয়ার যোগ দেন সেই অ্যাকাউন্টে। তবে নাটকীয় মোড়ে রাতারাতি উধাও হয়ে যায় ইনস্টাগ্রাম পেজটি। জল্পনা, প্ল্যাটফর্মের নিয়মভঙ্গের কারণে সম্ভবত সেটি মুছে ফেলা হয়েছে। পাশাপাশি এক্স হ্যান্ডেলেও ‘দিমাগি নকশাল জনতা পার্টি’ নামে নতুন অ্যাকাউন্ট খোলা হলেও সেখানে ফলোয়ার সংখ্যা এখনও বেশ কম। পেজ দুটির নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও রহস্যে মোড়া।

Related Articles