কলকাতা

‘দিমাগি নকশাল’দের বেছে বেছে উপড়ে ফেলার ডাক! কমিউনিস্টদের চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

"সনাতন ধর্মের অপমান বরদাস্ত নয়!", বিকাশরঞ্জনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু?

Truth of Bengal: প্রধানমন্ত্রীর সুরেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্যের ‘দিমাগি নকশাল’ ও দেশবিরোধী শক্তিসমূহ। শুক্রবার আরজি কর হাসপাতালে অখিল ভারতীয় শিক্ষার্থী পরিষদের (ABVP) এক সম্মেলনে যোগ দিয়ে বামপন্থী রাজনীতি ও কমিউনিস্ট আদর্শকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। দেশবিরোধী শক্তিদের চিনে নেওয়ার আহ্বান জানিয়ে স্পষ্ট বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “কমিউনিস্ট লোক, দিমাগি নকশাল, দেশবিরোধী শক্তিদের চিনে চিনে ধ্বংস করতে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নয়, রাস্তায় নেমে এদের মূল শিকড় উপড়ে ফেলার সময় এসে গিয়েছে।”

বক্তব্য রাখার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত আগস্ট মাসে জিবি মিটিংকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন ও এবিভিপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর ক্যাম্পাস। সেই ঘটনার পর বিজেপির প্রতিবাদ সভা এবং গোলপার্ক থেকে এইট বি পর্যন্ত শুভেন্দুর উপস্থিতিতেই আয়োজিত হয়েছিল ঐতিহাসিক ‘গেরুয়া সম্মান যাত্রা’। যাদবপুরের নাম না করে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু এদিন বলেন, “সেন্টার অফ এক্সিলেন্স নামে খ্যাত প্রতিষ্ঠান থেকে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ স্লোগান ওঠে! কীসের আজাদি? যে কাশ্মীরের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান, সেই কাশ্মীর আমাদের। এবার থেকে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেবল ‘বন্দে মাতরম্’ আওয়াজই ধ্বনিত হবে।”

উপনির্বাচনের ফলাফলের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, “আজ রেজিনগর ও নন্দীগ্রামের মানুষ যা করে দেখিয়েছে, সেটাই পুরো দেশের আসল আওয়াজ। এবিভিপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যে ন্যাশনাল এডুকেশন সিস্টেম বাস্তবায়ন করবে সরকার।” পাশাপাশি অভয়া কাণ্ডের বিচারের আশ্বস্ত দিয়ে তিনি জানান, অভয়ার পরিবারকে ইনসাফ দিতে তাঁর সরকার প্রথম দিন থেকেই সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

একই মঞ্চ থেকে বর্ষীয়ান আইনজীবী ও বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও কড়া ভাষায় বিঁধেছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিকাশবাবুর বাড়িতে হামলার তদন্ত শেষ হওয়ার আগেই সামাজিক মাধ্যমে ‘হিন্দুত্ববাদী গুণ্ডা’ বলে মন্তব্য করার কড়া সমালোচনা করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, এমন দায়িত্বজ্ঞানহীন পোস্টের মাধ্যমে পুরো সনাতনী হিন্দু সমাজকে অপমান করা হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা যেমন পুলিশি তদন্তে স্পষ্ট হবে, তেমনই সনাতন ধর্মের অহেতুক অপমানের জন্য বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধেও আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জোরালো হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

Related Articles