দেশ

বিপজ্জনক অবস্থায় দিল্লির বাতাস, ব্যর্থ হল কৃত্রিম বৃষ্টির চেষ্টা

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিসংখ্যান বলছে, দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছেছে ৩৫২-তে মঙ্গলবারের তুলনায় ৮০ বেশি।

Truth Of Bengal: দীপাবলির পর ভয়ংকর আকার নিয়েছে রাজধানী দিল্লির দূষণ। বাতাসে ধোঁয়াশা আর বিষাক্ত কণায় আচ্ছন্ন শহর। পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নেয় দিল্লি সরকার। সেই অনুযায়ী মঙ্গলবার ‘ক্লাউড সিডিং’-এর প্রক্রিয়াও সম্পন্ন হয়, কিন্তু তবুও নামেনি একফোঁটা বৃষ্টি। ফলে বৃহস্পতিবার সকালে ঘন ধোঁয়াশায় ঢেকে যায় গোটা রাজধানী।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পরিসংখ্যান বলছে, দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছেছে ৩৫২-তে মঙ্গলবারের তুলনায় ৮০ বেশি। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিবেক বিহারে ৪১৫, এরপর আনন্দ বিহারে ৪০৯ ও ওয়াজিরপুরে ৩৯৪। নির্দেশিকা অনুযায়ী, একিউআই ৩০১-৪০০ হলে ‘খুব উদ্বেগজনক’ এবং ৪০১-এর উপরে গেলে ‘ভয়ানক’।

এর আগে ২০০৯ সালে মুম্বইতেও দূষণ রুখতে কৃত্রিম বৃষ্টির প্রয়াস নেওয়া হয়েছিল। চার দফা চেষ্টাতেও সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টির বাইরে ফল মেলেনি, অথচ খরচ হয়েছিল প্রায় ২৫ কোটি টাকা। ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে অন্ধ্রপ্রদেশেও একই পরীক্ষা হয়, কিন্তু ফল ছিল হতাশাজনক।

পরিবেশবিদদের মতে, দিল্লির ক্ষেত্রেও তেমন সাফল্যের আশা যথেষ্টই ক্ষীণ। দীর্ঘমেয়াদে দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপই একমাত্র কার্যকর উপায়, এমনই মত বিশেষজ্ঞ মহলের।

Related Articles