আগামী মরসুমে নাইট রাইডার্সের কোচ হলেন অভিষেক নায়ার
উল্লেখ্য, চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিলেন নাইট কর্তৃপক্ষ।
Truth Of Bengal: আগামী মরসুমের জন্য নিজেদের দলের নতুন কোচের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার অভিষেকের নামের পাশে শীলমোহর দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা জানিয়েও দিলেন কেকেআর দলের সিইও ভেঙ্কি মাইসোর।
নতুন কোচ হিসেবে অভিষেককে নিয়োগের পর নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়, ‘আজ থেকে নয়, অভিষেক আমাদের দলের সঙ্গে জড়িয়ে আছেন সেই ২০১৮ সাল থেকে। মাঠ ও মাঠের বাইরে আমাদের দলের জন্য অভিষেকের ভূমিকা অনস্বীকার্য। দলের প্রতিটা খেলোয়াড়ের সঙ্গে ওর সম্পর্কও যথেষ্ট ভাল। আমরা আশাকরি অভিষেককে কোচ হিসেবে পেয়ে আমাদের ক্রিকেটারদের পাশাপাশি আমাদের দলেরেও যথেষ্ট উপকার হবে।’
উল্লেখ্য, চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিলেন নাইট কর্তৃপক্ষ। এবার কেকেআর কোচের নতুন কোচ হিসেবে অনেক প্রাক্তন ক্রিকেটারের নামও শোনা যাচ্ছিল। কিন্তু নাইট কর্তৃপক্ষ ঝুঁকি না নিয়ে অন্য কাউকে কোচ হিসেবে নিয়োগ না করে অবশেষে শেষ পর্যন্ত ভরসা রাখলেন অভিষেকের ওপরেই।
এদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু অভিষেক নাইট শিবিরের পুরনো সদস্য, তাদের ড্রেসিংরুমের সমস্ত কিছুই তাঁর নখদর্পণে। ফলে গত আইপিএল-র ব্যর্থতা ভুলে এবার অভিষেকের কোচিংয়েই নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে নাইট রাইডার্স। দেখা যাক অভিষেক নাইটদের কতটা সাফল্য এনে দিতে পারেন, তা সময়ই বলবে।


