দেশ

Uttar Pradesh: উত্তরপ্রদেশে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল সদ্যোজাতের

অভিযোগ, স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তাঁর সন্তানের।

Truth of Bengal: মৃত সন্তানকে ব্যাগে ভরে ডিএম অফিসে হাজির বাবা। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে গর্ভেই মৃত্যু হয় সদ্যোজাতের। সন্তানহারা বাবা ব্যাগে করে জেলাশাসকের দফতরে নিয়ে এলেন মৃত শিশুর দেহ। কাতর আর্জি করে জানালেন, ‘স্যর, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে তুলুন। স্ত্রীকে আমি কী জবাব দেব? ও বার বার সন্তানের খোঁজ করছে।’ এমনই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ি। মৃত শিশুর দেহ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন বিপিন গুপ্ত নামে এক যুবক। তাঁর অভিযোগ, স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসকের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তাঁর সন্তানের। বিপিনের স্ত্রী রুবিকে প্রসব যন্ত্রণা ওঠায় ভর্তি করা হয়েছিল লখিমপুর খেড়ির ওই হাসপাতালে (Uttar Pradesh)।

আরও পড়ুনঃ Harry Kane: কেইনের হ্যাটট্রিক, বুন্দেশ লিগায় বড় ব্যবধানে জয় বায়ার্নের, জয় চেলসি এবং পিএসজি-রও

বিপিনের অভিযোগ, স্ত্রীকে ভুল ওষুধ খাওয়ানো হয়। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একই সঙ্গে অভিযোগ, চিকিৎসার জন্য আগাম টাকা চাওয়া হয়। আট হাজার টাকা জমা দেওয়ার পরেও চিকিৎসা শুরু হয়নি। বাকি টাকা না দেওয়ায় স্ত্রীকে অন্যত্র নিয়ে যেতে বলা হয়। পরে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, গর্ভেই মৃত্যু হয়েছে শিশুর। এরপরই মৃত সদ্যোজাতকে ব্যাগে ভরে জেলা শাসকের দফতরে পৌঁছন অভিযোগকারী। চাঞ্চল্যকর অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে ওই হাসপাতালে পৌছন অতিরিক্ত জেলাশাসক এ কে রস্তোগি। অন্য প্রসূতিদের সঙ্গে কথা বলার পরই তাঁদের জেলা মহিলা হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। প্রশাসনের হস্তক্ষেপে ইতিমধ্যেই হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে (Uttar Pradesh)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

শিশু উন্নয়ন আধিকারিক অভিষেক সিং জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে। পূর্ণাঙ্গ তদন্ত হবে। আপাতত রোগীদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।‘ লখিমপুর খেড়ির জেলাশাসক দুর্গাশক্তি নাগপাল আশ্বাস দিয়েছেন, বিপিনের স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করবে প্রশাসন। তবে  বিপিনের আক্ষেপ,‘স্ত্রী বার বার সন্তানের খোঁজ করছে। কোন মুখে বলব, আমাদের সন্তান আর নেই।’ ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসার নামে অর্থের দাবি ও গাফিলতির অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। এই নিয়ে হাসপাতালের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh)।

Related Articles