শপথ নিয়েই মাস্টারস্ট্রোক! স্কুল-মন্দিরের পাশে মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের
এর মধ্যে ধর্মীয় স্থানের সংলগ্ন ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছের ১৮৬টি এবং জনবহুল বাস স্ট্যান্ড এলাকার ২৫৫টি দোকান রয়েছে।
Truth of Bengal: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জনহিতকর একাধিক সাহসী পদক্ষেপ নিলেন ‘থালাইভা’ বিজয়। সোমবার এক ঐতিহাসিক সরকারি নির্দেশিকায় তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা মদের দোকানগুলি বন্ধ করতে হবে। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, এই কড়া নির্দেশের ফলে তামিলনাড়ুর মোট ৪,৭৬৫টি মদের দোকানের মধ্যে ৭১৭টিতে তালা ঝুলতে চলেছে। এর মধ্যে ধর্মীয় স্থানের সংলগ্ন ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছের ১৮৬টি এবং জনবহুল বাস স্ট্যান্ড এলাকার ২৫৫টি দোকান রয়েছে। মূলত জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের সহজলভ্যতা কমিয়ে সামাজিক পরিবেশ উন্নত করতেই বিজয়ের এই প্রথম সংস্কারমূলক পদক্ষেপ।
মদ নিষিদ্ধকরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশে সই করেছেন বিজয়। এর মধ্যে প্রথমটি হলো সাধারণ মানুষের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা। দ্বিতীয়ত, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠন করা হয়েছে এবং তৃতীয়ত, রাজ্যের যুবসমাজকে ড্রাগ বা মাদকের হাত থেকে বাঁচাতে প্রতিটি জেলায় বিশেষ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতায় এসেই তাঁর এই বহুমুখী পরিকল্পনা তামিলনাড়ুর প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে বিজয় রাজ্যের বর্তমান শোচনীয় আর্থিক অবস্থা নিয়েও সরব হয়েছেন। তিনি জানিয়েছেন যে, পূর্ববর্তী জমানার ফলে তামিলনাড়ু সরকার বর্তমানে ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের জালে জড়িয়ে পড়েছে এবং রাজকোষ কার্যত শূন্য। রাজ্যের এই সংকটজনক পরিস্থিতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে ২০২১-২০২৬ সময়কালের একটি বিস্তারিত ‘শ্বেতপত্র’ প্রকাশের ঘোষণাও করেছেন তিনি। রাজ্যের ঋণের অসহনীয় বোঝা মোকাবিলা করা এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখাই এখন তাঁর সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।





