দেশ

লিভ-ইন সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! ঘরে আটকে যুগলকে পুড়িয়ে মারার অভিযোগ তামিলনাড়ুতে

স্থানীয় সূত্রে দাবি, তাঁদের লিভ-ইন সম্পর্ক নিয়ে গ্রামে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

Truth Of Bengal: লিভ-ইন সম্পর্কে  বসবাস করায় মর্মান্তিক ঘটনা তামিলনাড়ুতে। যুগলকে ঘরের ভিতরে আটকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলায়। পুলিশ সূত্রে ঘুমের মধ্যেই জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃতদের নাম পি. শক্তিভেল ও এস. অমৃতাম।

দু’জনেরই বয়স প্রায় ৪০ বছর। শক্তিভেল পেশায় কৃষক। তিন বছর আগে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান বর্তমানে বেঙ্গালুরুতে মায়ের সঙ্গে থাকে। অন্যদিকে, অমৃতামেরও আগের বিয়ে ভেঙে গিয়েছিল। তাঁর তিন সন্তান রয়েছে। বিবাহবিচ্ছেদের পর দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে গ্রামের এক প্রান্তে লিজ নেওয়া জমিতে একটি ছোট ঘর তৈরি করে তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন।

স্থানীয় সূত্রে দাবি, তাঁদের লিভ-ইন সম্পর্ক নিয়ে গ্রামে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। বৃহস্পতিবার রাতে শক্তিভেলের মেয়ে বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। রাতে ফিরে যাওয়ার পরই গভীর রাতে ঘটনাটি ঘটে বলে অনুমান। অভিযোগ, দুষ্কৃতীরা বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার সকালে পোড়া গন্ধ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের ভিতরে যুগলের দগ্ধ দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেনসিক দল। দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, সামাজিক বিরোধ না ব্যক্তিগত শত্রুতার জের—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের আগের সম্পর্ক ও স্থানীয়দের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

 

 

Related Articles