বিনোদন

চেন্নাই বিমানবন্দরে বিজয়কে ঘিরে পদপিষ্ট পরিস্থিতি! ভাইরাল ভিডিও

বিমানবন্দর চত্বর থেকে বেরোনোর পথেও অপেক্ষা করছিলেন অনেকে।

Truth Of Bengal: বিমানবন্দরে প্রবল ভিড়ের চাপে হেনস্তার শিকার হলেন দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিক থলপতি বিজয়। চেন্নাই বিমানবন্দরে তাঁকে এক ঝলক দেখার জন্য অসংখ্য ভক্ত ভিড় জমান, যা একসময় প্রায় পদপিষ্ট পরিস্থিতির রূপ নেয়। ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে পড়েও যান বিজয়। পরে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকে তুলে দ্রুত গাড়িতে বসানো হয়। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার মালয়েশিয়ায় নিজের ছবি ‘জন নয়াগন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে যোগ দেন বিজয়। ওই অনুষ্ঠানে প্রায় এক লক্ষ মানুষের ভিড় জমেছিল বলে জানা যায়, যা মালয়েশিয়ার ইতিহাসে কোনও ছবির অডিও লঞ্চে নজিরবিহীন। অনুষ্ঠান শেষ করে রবিবার রাতে ভারতে ফেরেন তিনি।

চেন্নাই বিমানবন্দরে বিজয় নামতেই কার্যত বাঁধনছাড়া হয়ে ওঠে ভক্তরা। বিমানবন্দর চত্বর থেকে বেরোনোর পথেও অপেক্ষা করছিলেন অনেকে। অভিনেতা বেরোতেই তাঁকে ঘিরে ধরেন ভক্তরা—ছবি ও ভিডিও তোলার হুড়োহুড়িতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিজয়ের গাড়ি চারদিক থেকে ঘিরে ধরেছেন ভক্তরা। অতিরিক্ত ভিড়ের চাপে একসময় টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান তিনি।

যদিও গুরুতর আঘাত পাননি বিজয়। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরেই বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে ভিড়ের চাপে বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। তামিলনাড়ুর কারুরে টিভিকে প্রধান বিজয়ের সভায় প্রাথমিকভাবে ১০ হাজার মানুষের উপস্থিতির অনুমান করা হলেও বাস্তবে সেখানে ২৭ হাজারের বেশি মানুষ ভিড় জমান। অতিরিক্ত ভিড়ের চাপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। সেই ঘটনায় মৃত্যু হয় ৪০ জনের এবং আহত হন শতাধিক। বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনায় ফের ভক্তদের উন্মাদনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।