দেশ

কাড়ুর পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে মহাবলিপূরমে দেখা করলেন বিজয়

এমন পরিস্থিতিতে সোমবার বিজয় নিহতদের পরিবারগুলির সঙ্গে দেখা করলেন মহাবলিপূরমের এক প্রাইভেট হোটেলে।

Truth Of Bengal: কাড়ুরে টিভিকে প্রেসিডেন্ট, তথা অভিনেতা-রাজনীতিবিদ, থালাপতি বিজয়ের কর্মসূচিতে পদপিষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এখনও উত্তপ্ত তামিলনাড়ুর রাজনীতি। অব্যাহত রাজনৈতিক তরজাও। এমন পরিস্থিতিতে সোমবার বিজয় নিহতদের পরিবারগুলির সঙ্গে দেখা করলেন মহাবলিপূরমের এক প্রাইভেট হোটেলে। তবে কাড়ুরে দেখা না করে কেন মহাবলিপূরমে দেখা করলেন বিজয়, তা ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন।

জানা গিয়েছে, একমাত্র দলীয় সদস্যদের সেই বৈঠকে থাকার অনুমতি ছিল। শুধু তাই নয়, কোনও সংবাদমাধ্যমের কর্মীকেও বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়নি বলেও খবর। প্রায় ৫০টি রুম বুক করা হয়, যাতে সকলেই আলাদা করে কথা বলতে পারেন বিজয়ের সঙ্গে। তবে এতকিছু সত্বেও প্রশ্ন থেকে যাচ্ছে যে কাড়ুরের পরিবর্তে কেন মহাবলিপূরমে বিজয় দেখা করলেন নিহতদের পরিবারের সঙ্গে। যদিও দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে কোনওরকম বিশৃঙ্খলা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের শেষের দিকে টিভিকে প্রেসিডেন্ট থালাপতি বিজয়ের এক কর্মসূচি হয় কাড়ুরে। তবে অভিনেতা-রাজনীতিবিদকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান একাধিক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা তামিলনাড়ুতে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পাশাপাশি বিজয়ের তরফ থেকেও আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়। জল গড়ায় আদালত পর্যন্ত। মাদ্রাস হাই কোর্ট বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় টিভিকে। শীর্ষ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। অন্যদিকে, টিভিকের তরফ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে বলে ঘোষণা করা হয়েছে।