ফের বিজয়ের বাড়িতে বোমা হুমকি, নিরাপত্তা বাড়াল পুলিশ
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কন্যাকুমারী থেকে তাঁরা হুমকি ফোন পায় এবং তাতে বলা হয়েছে যে ভবিষ্যতে যদি ফের জনসভা করেন বিজয়, তাহলে তাঁর বাড়ি উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে।
Truth Of Bengal: ফের অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এই সংক্রান্ত এক ফোন চেন্নাই পুলিশের কাছে আসার পরই নিরাপত্তা জোরদার করা হয়েছে তাঁর তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়ির। এমনিতেই গোটা রাজ্য উত্তপ্ত কাড়ুরে পদপিষ্টর ঘটনায়। তার উপর এই হুমকি আরও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে দিয়েছে। বলা যায়, এই মুহূর্তে তামিলনাডুর নাগরিকদের নজর এই বিষয়টির উপর।( Vijay )
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে কন্যাকুমারী থেকে তাঁরা হুমকি ফোন পায় এবং তাতে বলা হয়েছে যে ভবিষ্যতে যদি ফের জনসভা করেন বিজয়, তাহলে তাঁর বাড়ি উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। এরপরই পুলিশ তড়িঘড়ি পদক্ষেপ নেয় এবং তল্লাশি চালানো হয় বিজয়ের বাড়িতে। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং ধরার চেষ্টা করা হচ্ছে সেই ব্যক্তিকে যিনি ফোন করে এমন হুমকি দিয়েছেন। কিন্তু তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি কোনও প্রাঙ্ক কল ছিল।( Vijay )
প্রসঙ্গত, কাড়ুরে বিজয়ের কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মারা যান একাধিক ব্যক্তি এবং এরপরই গোটা রাজ্যজুড়ে এর সমালোচনা শুরু হয়। মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং বিজয়ের তরফ থেকে। মামলার জল গড়ায় আদালত পর্যন্তও। মাদ্রাস হাই কোর্টে আবেদন জানায় টিভিকের আইনজীবী। আদালতের তরফ থেকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়। তবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দরজা নাড়িয়েছে টিভিকে।( Vijay )




